সিলেট টেস্টের মাত্র দুইদিনের খেলা শেষ হয়েছে। ফলে তৃতীয় দিনের পুরোটাই ব্যাটিং করে কাটাতে চায় বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের পেসার নাহিদ রানা জানিয়েছেন তারা ২০০ বা ২৫০ রানের লক্ষ্য স্থির করছেন না। যে রানই হবে বোলাররা সেই রান ডিফেন্ড করতে লড়াই করবেন।
নাহিদ দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বলেন, 'যেহেতু টেস্টের দুইদিন শেষ হয়েছে আরও তিনদিন আছে। আমরা কালকে যতক্ষণ পারবো ব্যাটিং করবো। এরকম কোনো লক্ষ্য নেই যে ২০০ বা ২৫০ নিতে হবে। আমরা চেষ্টা করব আগামীকাল পুরো দিন ব্যাটিং করার।'
সিলেট টেস্টের প্রথম ইনিংসে দারুণ বোলিং করেছে বাংলাদেশ। চার বোলার মিলে পাকিস্তানের ১০ উইকেট নিয়েছেন। এর মধ্যে নাহিদ ও তাইজুল ইসলাম নিয়েছেন ৩টি করে উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। উইকেট শূন্য কেবল শরিফুল ইসলাম। বোলারদের করণীয় নিয়ে নাহিদ বলেন, 'আমরা কালকে সারা দিন ব্যাটিং করতে চাই। ব্যাটিং করে যে রান হয় আমরা ডিফেন্ড করতে চাই।'
এদিকে প্রথম ইনিংসে বাংলাদেশের ১১৬ রান তুলতেই ৬ উইকেট পরে গিয়েছিল। এরপর লিটন দাস লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে বাংলাদেশের লড়াইয়ের পুঁজি নিশ্চিত করেন। বাংলাদেশের এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে লিটনের সেই ইনিংসেই ধরছেন নাহিদ। পাশাপাশি তাসকিন, শরফুল, তাইজুলদেরও প্রশংসায় ভাসিয়েছেন নাহিদ।
তিনি যোগ করেন, 'আমি বলব আমাদের টার্নিং পয়েন্ট ছিল লিটন দার ব্যাটিং। শেষের দিকে তাইজুল ভাই, তাসকিন ভাই, শরিফুল, তাদের শেষের দিকের ব্যাটিংও ভালো ছিল। কারণ, বোলিং তো আমরা ভালো করছি, কিন্তু যদি লিটন দার ব্যাটিংয়ে শতরান না হতো, আমরা ব্যাকফুটে থাকতাম। আমি মনে করি, তার সেঞ্চুরিই টার্নিং পয়েন্ট ছিল।'