পাকিস্তান ও অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চলতি বছরের মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছে পাকিস্তান। মাস দুয়েকের ব্যবধানে আবারও বাংলাদেশে আসছেন শাহীন আফ্রিদিরা। সব ঠিক থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মে মাসে বাংলাদেশে আসবে সফরকারীরা। ৩ মে বাংলাদেশে পা রাখার পর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নামবে তারা।

৮ থেকে ১২ মে হবে সিরিজের প্রথম টেস্ট। পরের ম্যাচটি খেলতে সিলেটে যেতে হবে তাদের। ১৬-২০ মে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। পাকিস্তান বাংলাদেশ ছাড়ার সপ্তাহ দুয়েক পর তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে আসবে অস্ট্রেলিয়া। সিরিজটি ৫ জুন শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে নেওয়া হয়েছে ৯ জুন। পরের দুই ম্যাচ ১১ ও ১৪ জুন।

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে ১৭, ১৯ ও ২১ জুন। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে ঢাকায় ওয়ানডে এবং চট্টগ্রামে হবে টি-টোয়েন্টি সিরিজ। তবে বিসিবির পক্ষ থেকে এখনো ভেন্যু চূড়ান্ত করা হয়নি। এর মধ্যে দিয়ে দীর্ঘ ১৫ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অজিরা। এর আগে ২০০৬ ও ২০১১ সালে বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া।

সর্বশেষ ২০১১ সালে তারা বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজ খেলেছিল, সেই সিরিজে মাইকেল ক্লার্কের নেতৃত্বে দলটি সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল। বাংলাদেশের মাঠে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি খেলতে একবারই এসেছিল অজিরা। ২০২১ সালে সেই সিরিজে বাংলাদেশ জিতেছিল ৪-১ ব্যবধানে।

এর আগে ২০০৬ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাবিবুল বাশারের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারায়। এবার অস্ট্রেলিয়া তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সম্প্রচার জটিলতার কারণে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার আগের সিরিজটি দেখা যায়নি অস্ট্রেলিয়ায়।

চলতি সপ্তাহে নতুন সম্প্রচার স্বত্ব চুক্তি হওয়ায় অস্ট্রেলিয়ার আগের সফরের মতো সম্প্রচার বন্ধ থাকার ঘটনা এবার ঘটবে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালের পর এই প্রথম বাংলাদেশের মাটিতে সাদা বলের দ্বিপাক্ষিক সিরিজ অস্ট্রেলিয়ায় সরাসরি দেখা যাবে।

আরো পড়ুন: