সৌম্য-সাইফসহ সবাইকে পর্যাপ্ত সুযোগ দিতে চান মিরাজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
মেহেদী হাসান মিরাজের সঙ্গে ব্যাটিং অনুশীলনে সৌম্য সরকার; তানভির হোসেন/ক্রিকফ্রেঞ্জি
মেহেদী হাসান মিরাজের সঙ্গে ব্যাটিং অনুশীলনে সৌম্য সরকার; তানভির হোসেন/ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
একটা সময় দুই-একটি ম্যাচে ভালো করতে না পারলে সেই ক্রিকেটারকে একাদশ থেকে বাদ দেওয়া হতো। এমন অনেক ক্রিকেটার আছেন যারা কিনা পরের সিরিজে বাদও পড়েছেন। পরবর্তী সময়ে ওই ক্রিকেটার পর্যাপ্ত সুযোগ না পাওয়ার আক্ষেপও করেছেন। মেহেদী হাসান মিরাজ সেই রীতি ভাঙার চেষ্টায় আছেন। পাকিস্তান সিরিজ শেষে সাইফ হাসানকে সব ম্যাচে খেলানোর ব্যাখ্যা দিতে গিয়ে পর্যাপ্ত সুযোগের কথা জানিয়েছিলেন। নিউজিল্যান্ড সিরিজের আগেও পুরনো সেই কথা নতুন করে বললেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও দ্বিতীয় ওয়ানডেতে ৪৫ রান করেছিলেন সৌম্য সরকার। তৃতীয় ম্যাচে খেলেছিলেন ৯১ রানের ইনিংস। এমন পারফরম্যান্সের পরও পাকিস্তান সিরিজে ম্যাচ পাননি বাঁহাতি এই ওপেনার। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণে ভালো করে একাদশে জায়গা করে নেন তানজিদ হাসান তামিম। তার সঙ্গে ওপেন করেছিলেন সাইফ।

প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি ও তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করে নিজের জায়গাটা পোক্ত করেছেন তানজিদ। তবে আরেক ওপেনার সাইফ নিজেকে মেলে ধরতে পারেননি। প্রথম দুই ম্যাচে করেছিলেন ৪ ও ১২ রান। এমন পারফরম্যান্সের পর ধারণা করা হচ্ছিল শেষ ওয়ানডেতে খেলানো হবে সৌম্যকে। তবে সাইফের উপর আবারও ভরসা রাখে টিম ম্যানেজমেন্ট। সেই ম্যাচে ৩৬ রান করেছিলেন ডানহাতি এই ওপেনার।

নিউজিল্যান্ড সিরিজের আগে আবারও আলোচনায় ওপেনিং জুটি। সবার জানতে চাওয়া ছন্দে থাকা তানজিদের সঙ্গে ওপেন করবে কে, সৌম্য নাকি সাইফ? ১৫ এপ্রিল প্রধান কোচ ফিল সিমন্স ইঙ্গিত দিয়ে রেখেছেন সাইফকে খেলানোর। পাকিস্তান সিরিজে ভালো না করলেও প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন তিনি। মিরাজের চাওয়া যেকোন ব্যাটারকে একই পজিশনে অন্তত তিন থেকে চারটি ম্যাচে সুযোগ দেওয়া। সেই ভাবনায় কিউইদের বিপক্ষে আবারও সুযোগ মিলতে পারে সাইফের।

প্রথম ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘দেখুন, একজন ব্যাটারকে যথেষ্ট সুযোগ দেয়া উচিত আমার কাছে মনে হয়। একজন ব্যাটারের জন্য এক-দুইটা ম্যাচ আমার কাছে মনে হয় না যথেষ্ট। একজন ব্যাটার যদি তিন থেকে চারটা ম্যাচ খেলে একই পজিশনে তখন সে বুঝতে পারবে যে আসলে আমি পারফর্ম করতে পারছি কিনা।’

তিনি আরও যোগ করেন, ‘অধিনায়ক হিসেবে আমি এটাই চাইবো একজন ব্যাটার যেন তার পজিশনে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়। সে যেন তার নিজের জিনিসটা বুঝতে পারে। অধিনায়ক হিসেবে এটাই আমার পরিকল্পনা যে প্রত্যেকটা ব্যাটারের ক্ষেত্রে যেন একই জিনিস থাকে।’

সাইফকে খেলানো হলে আবারও ডাগ আউটে বসে থাকতে হবে সৌম্যকে। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের জার্সিতে ওয়ানডে খেলা সৌম্য খানিকটা আক্ষেপ করতেই পারেন। পারফর্ম করার পরও সুযোগ না পাওয়ায় অনেক সময়ই ক্রিকেটারদের ভেতরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে মিরাজ আশ্বাস দিয়েছেন, প্রত্যেকটা খেলোয়াড়ই সুযোগ পাবে। এও মনে করিয়ে দিয়েছেন যে বিশ্বকাপের আগে বাংলাদেশের অনেক খেলা আছে।

এ প্রসঙ্গে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘প্রত্যেকটা খেলোয়াড়ই সুযোগ পাবে। কারণ আমাদের কিন্তু একটা সিরিজ না, বিশ্বকাপের আগে আমাদের অনেক ম্যাচ আছে। আমি বিশ্বাস করি অধিনায়ক হিসেবে প্রত্যেকটা খেলোয়াড়ই সুযোগ পাবে যার যার জায়গা থেকে।’

আরো পড়ুন: