ভারতের সঙ্গে লড়াই জমাতে পারল না বাংলাদেশ
মারুফা আক্তারের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে চেয়েছিলেন শেফালি ভার্মা। ডানহাতি ওপেনারের ব্যাট ছুঁয়ে বল উইকেটের পেছনে গেলেও সেটা লুফে নিতে পারেননি নিগার সুলতানা জ্যোতি। জীবন পেয়ে বাংলাদেশের বোলারদের বিপক্ষে ঝড় তুললেন শেফালি। দুর্দান্ত ব্যাটিংয়ে পেলেন হাফ সেঞ্চুরিও। পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ভারতের জয়ের নায়কও বনে গেলেন শেফালি। সেই ক্যাচ মিসের খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। শেষের বেলায় ভারতের কয়েকটি উইকেট নেওয়া গেলেও জয়ের সুযোগ তৈরি করা যায়নি। গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশের মেয়েরা। এখনো পর্যন্ত চার ম্যাচের দুইটিতে জয় পেয়েছেন জ্যোতিরা। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। এদিকে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো ভারত।