আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। শুরুতে ৪৩ রানেই ৩ উইকেট হারালেও সাদিয়া আক্তার, ফারজানা ইসমিন মেধা ও সাদিয়া ইসলামের ব্যাটে লড়াই করার মতো পুঁজি পায় দলটি। জবাবে পাকিস্তান ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রান করতে পারে।
ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন সাদিয়া আক্তার। ৩৩ বলে ৩৩ রানের ইনিংসে দুটি চার ও একটি ছক্কা মারেন তিনি। তাকে ভালো সঙ্গ দেন ফারজানা ইসমিম মেধা। ২২ বলে ২৮ রান করেন এই ব্যাটার, যেখানে ছিল তিনটি চার ও একটি ছক্কা। সাদিয়া ইসলাম ২১ বলে ২৪ এবং নিশিতা আক্তার নিশি ১৯ বলে ২০ রান করেন।
বাংলাদেশের ইনিংসে আরও ১৭ রান আসে ওপেনার অচেনা জান্নাত এমান্তার ব্যাট থেকে। তবে অরিত্রি নির্জনা মণ্ডল রানের খাতা খোলার আগেই ফেরেন। পাকিস্তানের হয়ে রোজিনা আক্তার ও মাহাম নাজাকাত দুটি করে উইকেট নেন। শেহার বানোর শিকার একটি উইকেট।
জবাবে শুরুটা দারুণ করে পাকিস্তান। দুই ওপেনার কোমল খান ও রাভাইল ফারহান মিলে গড়েন ৬৯ রানের জুটি। কোমল ২৯ বলে ৩৬ রান করেন, তার ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কা। রাভাইলের ব্যাট থেকে আসে ৩২ রান। আরেক ব্যাটার জুফিশান আইয়াজও করেন ৩২ রান। তবে ওপেনিং জুটি ভাঙার পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে থাকে পাকিস্তান।
পাকিস্তানের মিডল ও লোয়ার অর্ডার বাংলাদেশের বোলারদের সামনে সেভাবে দাঁড়াতে পারেনি। আরিশা আনসারি ও মেমুনা খালিদ করেন ১ রান করে, আকসা হাবিব ১৪ বলে করেন ৫ রান। ফিজা ফিয়াজের ব্যাট থেকে আসে ৮ বলে ৯ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রানেই থামে পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ফারজানা ইসমিম মেধা। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। নিশিতা আক্তার নিশি নেন ২ উইকেট এবং তিথি দাস অপর্ণার শিকার একটি।
এই জয়ে পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচে এটি তাদের দ্বিতীয় হার হলো। অন্যদিকে বাংলাদেশ পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখে এগিয়ে যাচ্ছে। টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে বৃহস্পতিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। পাকিস্তানকে হারিয়ে পাওয়া এই আত্মবিশ্বাস নিয়ে সেই ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই এখন লক্ষ্য বাংলাদেশের।