সেমিফাইনালে আবারও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

এশিয়ান গেমস
এশিয়ান ক্রিকেট কাউন্সিল
এশিয়ান ক্রিকেট কাউন্সিল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ভারতই এগিয়ে ছিল। চতুর্থ কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জাপানকে উড়িয়ে দিয়েছে ভারত। ৮ উইকেটের জয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠেছেন হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানারা। ফাইনালে ওঠার মিশনে তাদের প্রতিপক্ষ নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।

করোগি স্পোর্টস পার্কে টসে হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫৭ রানে অল আউট হয় জাপান। স্বাগতিকদের হয়ে ৪৭ বলে দলের সর্বোচ্চ ২৫ রান করেছেন আয়াকা কাতো-স্টেফোর্ড। বাকিদের মধ্যে ‍দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল হারুনা ইয়াসাকি। ২২ বলে ১০ রান করেছেন তিনি। ভারতের হয়ে ৪ ওভারে মাত্র ১০ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন স্পিনার শ্রী চারানি। দুইটি উইকেট পেয়েছেন শেফালি ভার্মা।

রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন শেফালি। তবে দ্বিতীয় ওভারেই গুনালান কমলিনীর উইকেট হারায় ভারত। পরের ওভারে আউট হয়েছেন ভারতী ফুলমালি। তবে ৬ চার ও দুই ছক্কায় ১৫ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে ভারতের জয় নিশ্চিত করেন শেফালি। ১২ রানে অপরাজিত ছিলেন রিচা ঘোষ। জাপানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন আয়াকা কাতো ও ননোহা ইয়াসুমতো।

এর আগে ১৭ সেপ্টেম্বর সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সরাসরি সেমিফাইনালে উঠেন জ্যোতি-সোবহানা মোস্তারিরা। ২০ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

নারী এশিয়া কাপের সেমিফাইনালের পুনঃমঞ্চায়ন হতে যাচ্ছে। কদিন আগেই এশিয়া কাপে সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ ও ভারত। যেখানে আগে ব্যাটিং করে ১৪৯ রান তোলে ভারত। রান তাড়ায় ম্যাচ জেতার সুযোগই তৈরি করতে পারেনি বাংলাদেশ। ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়েছে জ্যোতিদের। সেমিফাইনালে যারা হারবেন তারা ব্রোঞ্জ পদকের জন্য লড়াই করবেন।

আরো পড়ুন: