জান্নাতের হাফ সেঞ্চুরি, আবারও শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দেখায় ৪ উইকেটে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। দ্বিতীয় দেখায়ও জিততে পারল না বাংলাদেশের মেয়েরা। অচেনা জান্নাত ইমান্তার হাফ সেঞ্চুরি ম্লান হয়েছে সানজানা কাভিন্দির ৯০ রানের ইনিংসে। সানজানার ওমন ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে লঙ্কানরা।

ফয়সালাবাদে রান তাড়ায় শুরুতেই ভিমোকশা বালাসুরিকে হারায় শ্রীলঙ্কা। তবে সফরকারীদের পথ দেখান সানজানা। নেথমি উপেশকা, লিথিরা ফিরলেও ব্যাট হাতে ঝড় তোলেন সানজানা। তাকে সঙ্গ দেন দানোদা সেওমি। ২৭ বলে ১৯ রান করেছেন তিনি। তবে বাংলাদেশের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছেন সানজানা। ৫৯ বলে খেলেন অপরাজিত ৯০ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে তিথী দাশ অপর্ণা দুইটি উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই মাইমুনা নাহার স্বর্ণার উইকেট হারায় বাংলাদেশ। চামুদি প্রবোদার বলে বড় শট খেলার চেষ্টায় মিড অফে ক্যাচ দিয়েছেন মাত্র ১ রানে। মাইমুনা ফিরলেও অন্যপ্রান্তে ব্যাট হাতে ঝড় তোলেন জান্নাত।

ভালো শুরু পেয়েছিলেন নিশিতা আক্তার নিশিও। যদিও ইনিংসটা বড় করতে পারেননি। লিডিং এজে আউট হয়েছেন কভারে ক্যাচ দিয়ে। নিশিতার ব্যাট থেকে এসেছে ১৫ বলে ১৫ রান। জান্নাতের আক্রমণাত্বক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ২ উইকেটে ৪৯ রান তোলে বাংলাদেশ। পাওয়ার প্লের পরও নিয়মিত রান তুলতে থাকে সফরকারীরা।

জান্নাতকে সঙ্গ দেওয়া শিরিন ডাউন দ্য উইকেটে এসে খেলার চেষ্টায় স্টাম্পিং হয়েছেন ১৬ রানে। বাংলাদেশের হয়ে একপ্রান্ত আগলে রাখার পাশাপাশি দ্রুত রানও তুলেছেন জান্নাত। ৩৫ বলে পেয়েছেন হাফ সেঞ্চুরিও। যদিও পঞ্চাশ ছোঁয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি বাঁহাতি এই ওপেনার।

চামুদির বলে পুল করার চেষ্টায় বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ৫০ রানের ইনিংস খেলা জান্নাত। বাঁহাতি ওপেনার ফেরার পর সাদিয়া আক্তার ১৬ রান করেছেন। বাকিদের কেউই সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রান তোলে বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে প্রবোদা ও চামুদি দুইটি করে উইকেট পেয়েছেন।

আরো পড়ুন: