মায়ের মতো ম্যাচ রেফারি হতে ক্রিকেট ছাড়লেন কাইনাত

পাকিস্তান ক্রিকেট
কাইনাত ইমতিয়াজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া
কাইনাত ইমতিয়াজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকেটার ক্যারিয়ার শেষে ম্যাচ রেফারি হতে চান কাইনাত ইমতিয়াজ। সেই লক্ষ্যে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাকিস্তানের এই ক্রিকেটার। এখন থেকে নিয়মিতই ম্যাচ রেফারি হিসেবে দেখা যাবে কাইনাতকে।

পাকিস্তানের ডানহাতি পেসার জাতীয় দলের হয়ে ১৯ ওয়ানডের পাশাপাশি ২১ টি-টোয়েন্টিও খেলেছেন। ২০১০ সালের অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তার। অভিষেকের বছরখানেক পর প্রথম ওয়ানডে খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে, বাংলাদেশের ফতুল্লায়।

১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫১.৪০ গড়ে ওয়ানডেতে ১০ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টিতে ৫.৮২ ইকনোমি রেটে নিয়েছেন ৮ উইকেট। ২০১০ সালে এশিয়ান গেমসে বাংলাদেশের স্বর্ণ পদকজয়ী দলের সদস্য ছিলেন কাইনাত। পরবর্তীতে ২০১৪ এশিয়ান গেমস ও ২০২২ কমনওয়েলথ গেমসেও খেলেছেন ডানহাতি এই পেসার।

জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৭ ওয়ানডে বিশ্বকাপও। সবশেষ ২০২৩ সালের জানুয়ারিতে গ্যাবায় পাকিস্তানের হয়ে ওয়ানডে খেলেছেন। টি-টোয়েন্টিতে কাইনাত খেলেছেন ২০২২ এশিয়া কাপে, থাইল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে স্থানীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্রডকাস্টার, উপস্থাপক ও ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন।

সম্প্রতি মায়ের পথে হেঁটে নিজেকে ম্যাচ রেফারি হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছেন কাইনাত। পাকিস্তানের প্রথম নারী আম্পায়ার হিসেবে আইসিসির ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্যানেলে জায়গা করে নিয়েছেন সালিমা ইমতিয়াজ। এখনো পর্যন্ত ৯ নারী ওয়ানডে এবং ৬৯ নারী টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করেছেন তিনি।

কিছুদিন আগে কাইনাত নিজেও ম্যাচ রেফারি হিসেবে কাজ করেছেন। গত আগষ্ট-সেপ্টেম্বরে করাচিতে হওয়া পিসিবি ন্যাশনাল নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি টুর্নামেন্টে দায়িত্ব পালন করেছেন। আয়মান আনোয়ারের পর পাকিস্তানের দ্বিতীয় সাবেক ক্রিকেটার হিসেবে এই পেশায় যুক্ত হচ্ছেন কাইনাত। আগষ্টে অবসর নিয়ে ম্যাচ রেফারি হিসেবে কাজ শুরু করেছেন আয়মানও।