অঙ্কনের ব্যাটে চড়ে শিরোপার লড়াই জমিয়ে তুলল আবাহনী
এক ম্যাচ আগেই সেঞ্চুরি করে দলকে জিতিয়েছিলেন দারুণ ফর্মে থাকা মাহিদুল ইসলাম অন্কন। গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্তর মত তারকারা না থাকায় দায়িত্বটা আরো বেশি ছিল তার। সেই দায়িত্ব কাঁধে নিয়ে ৬৬ রানের কার্যকরী ইনিংসে কঠিন উইকেট ২২১ রানের পুঁজি পায় আবাহনী। জবাব দিতে নেমে ১৩৬ রানে ৯ উইকেট হারানোর পর দশম উইকেটে ৭৬ রান তুলে অবিশ্বাস্য কিছুর ইঙ্গিত দিচ্ছিল গাজী গ্রুপও। তবে শেষ পর্যন্ত ১২ রানের জয়ে শীর্ষে থাকা মোহামেডানের সমান ১৬ পয়েন্ট এখন বর্তমান চ্যাম্পিয়নদের।