দুবাইয়ে সদ্য শেষ হওয়া নারী এশিয়া কাপের ফাইনালে জয়ের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি ও পদক নেননি ভারতের মেয়েরা। গত বছরের সেপ্টেম্বরে একই ভেন্যুতে ছেলেদের এশিয়া কাপ জয়ের পরও একই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল। ফলে দুই এশিয়া কাপের শিরোপা জিতেও ট্রফি ছাড়াই উদযাপন করতে হয়েছে ভারতকে।
মুম্বাইয়ে বিসিসিআইয়ের ৯৫তম বার্ষিক সাধারণ সভার পর সাইকিয়া বলেন, ট্রফি দুটি একদিন বোর্ডের কাছেই ফিরে আসবে, 'এশিয়া কাপের ট্রফি... আমরা আশা করি, একদিন তা আসবে। আমি কোনো নির্দিষ্ট সময়সীমা দেব না। তবে আমি আশ্বাস দিতে পারি, দুটি ট্রফিই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অবস্থিত বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে এসে পৌঁছাবে।'
নাকভি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক পরিচয়ের কারণেই তার কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। সাইকিয়া জানান, নারী এশিয়া কাপের ফাইনালের আগেই এ বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল বিসিসিআই।
'আমাদের পুরুষ দল দেড় বছর আগে এশিয়া কাপ জিতেছিল। তবে গত বছরের এপ্রিলে পহেলগাম হামলার পর পুরো পরিস্থিতিই পাল্টে যায়। আমাদের নাগরিকদের পক্ষ থেকে আমাদের ওপর চাপ আছে, যেন আমরা প্রতিবেশী দেশের সঙ্গে কোনো সম্পর্ক না রাখি এবং তাদের সঙ্গে ক্রিকেট না খেলি।'
বহুজাতিক প্রতিযোগিতায় পাকিস্তানের বিপক্ষে খেললেও সব শর্ত মেনে নেওয়া হবে না বলেও জানান সাইকিয়া। তার ভাষায়, 'আমাদের সরকারের নীতি হলো, বহুজাতিক টুর্নামেন্টে প্রতিটি দেশের বিপক্ষে খেলতে হবে। কিন্তু তার মানে এই নয় যে আমাদের জন্য রাখা প্রতিটি শর্ত আমরা মেনে নেব। আমাদের সামরিক সংঘাত এখনো চলছে। আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করা প্রধান নেতাদের একজনের কাছ থেকে আমরা ট্রফি গ্রহণ করতে পারি না।'
এশিয়ান গেমসেও একই পরিস্থিতি তৈরি হতে পারে। এবারের আসরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তত্ত্বাবধানে ক্রিকেট আয়োজন করা হচ্ছে। ফলে পদক প্রদান অনুষ্ঠানে নাকভি উপস্থিত থাকলে ভারতীয় দল কী সিদ্ধান্ত নেয়, সেটিও আলোচনায় থাকবে। ছেলে ও মেয়ে—দুই বিভাগেই ভারতের মূল দল অংশ নিচ্ছে।