পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা শ্রীলঙ্কার

পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ
ইশান মালিঙ্গা, ফাইল ছবি
ইশান মালিঙ্গা, ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১৫ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার ইশান মালিঙ্গা ও উইকেটকিপার আনজালা বান্দারা। পাশাপাশি দলে ফিরেছেন বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কা। ধনাঞ্জয়া ডি সিলভা টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর এবারই প্রথম দলকে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস।

সাদা বলের ক্রিকেটে নিয়মিত খেললেও টেস্ট দলে এবারই প্রথম সুযোগ পেয়েছেন ২৫ বছর বয়সী ইশান । প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯ ম্যাচ খেলে ৩১.১৫ গড়ে তার শিকার ৪৪ উইকেট। অন্যদিকে, ২২ বছর বয়সী আনজালা বান্দারা প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। ৩১ ম্যাচে ৬৫.৮৫ গড়ে তার রান, রয়েছে সাতটি সেঞ্চুরি ও সাতটি ফিফটি। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ২০০ রান।

আগস্টে ভারতের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে দলে ফিরলেও এবার বাদ পড়েছেন উইকেটকিপার নিরোশান ডিকওয়েলা। তার জায়গায় সুযোগ পেয়েছেন বান্দারা। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা ওপেনার লাহিরু উদারা ও কামিল মিশারাকেও দল থেকে বাদ দেওয়া হয়েছে। ওই ম্যাচের জন্য ডাক পাওয়া অলরাউন্ডার সাহান আরাচ্চিগেও নেই পাকিস্তান সফরের দলে। গলে প্রথম টেস্টে কনকাশন বদলি হিসেবে মাঠ ছাড়ার পর আবার দলে ফিরেছেন দিনেশ চান্দিমাল।

পাকিস্তান সফরের দলে স্পিন আক্রমণে রয়েছেন প্রভাত জয়াসুরিয়া ও কেশারা নুয়ান্থা। তাদের সঙ্গে থাকবেন অলরাউন্ডার সোনাল দিনুশা, যিনি ভারতের বিপক্ষে সিরিজে নজর কেড়েছিলেন। পেস বিভাগে আছেন মিলান রত্নায়েকে, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো, ইশান ও দিলশান মাদুশাঙ্কা। বাদ পড়েছেন পেসার বিশ্ব ফার্নান্দো।

ভারতের বিপক্ষে সিরিজে খেলা পাথুম নিশাঙ্কাকে শর্তসাপেক্ষে দলে রাখা হয়েছে। চিকিৎসকদের কাছ থেকে ফিটনেস ছাড়পত্র পেলেই কেবল পাকিস্তান সফরে যাবেন তিনি। এর আগে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে হতে যাওয়া ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের দলেও একই শর্তে রাখা হয়েছিল তাকে।

পাকিস্তান সফরের জন্য শ্রীলঙ্কার টেস্ট দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, পাসিন্দু সুরিয়াবান্দারা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুশা, ধনাঞ্জয়া ডি সিলভা, আনজালা বান্দারা, কেশারা নুয়ান্থা, প্রভাত জয়াসুরিয়া, মিলান রত্নায়েকে, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা ও এশান মালিঙ্গা। পাথুম নিশাঙ্কা (ফিটনেস ছাড়পত্র সাপেক্ষে)।

আরো পড়ুন: