উইকেটরক্ষক এই ব্যাটারের মতে, দল হিসেবে খেলতে পারলে শিরোপা জেতার সামর্থ্য আছে বাংলাদেশের। সামনে ওয়ানডে সংস্করণের দুটি বড় প্রতিযোগিতা (এশিয়া কাপ ও বিশ্বকাপ) থাকায় এই সিরিজের সাফল্য আত্মবিশ্বাস বাড়াতে পারে বলেও মনে করেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
সোহান বলেন, 'আমার কাছে মনে হয় যে দল হিসেবে খেললে আমাদের ফাইনাল খেলা উচিত এবং চ্যাম্পিয়ন হওয়া উচিত। সামনেই এশিয়া কাপ এবং তার পরপরই বিশ্বকাপ, আমার কাছে মনে হয় একটা ভালো মঞ্চ, এখানে যদি আমরা ভালো করতে পারি ওই আত্মবিশ্বাসটা আসবে।'
এই সফরে বাংলাদেশের জন্য বাড়তি আকর্ষণ আলিস আল ইসলাম। প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন এই মিস্ট্রি স্পিনার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে নির্বাচকদের নজর কাড়েন তিনি। সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে স্পিন আক্রমণে বৈচিত্র্য যোগ করার পাশাপাশি প্রতিপক্ষের ব্যাটারদের নতুন চ্যালেঞ্জে ফেলতে পারেন আলিস। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সামর্থ্য প্রমাণের জন্য এটিই তাঁর বড় সুযোগ।
আলিসের অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবেই দেখছেন সোহান। তিনি বলেন, 'আলিস অনেক দিন ধরে ভালো করছে এবং অবশ্যই বাংলাদেশ দলের জন্য ভালো। এরকম একটা মিস্ট্রি স্পিনার থাকলে, যখন আমরা বাইরেও খেলি, আমার কাছে মনে হয় যে প্রতিটি দলেই এই ধরণের কিছু বল করার (প্লেয়ার) থাকে।'
এদিকে ত্রিদেশীয় সিরিজের আগে বাংলাদেশের ক্রিকেটারদের একটি বড় অংশ সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। সেখানে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলছে দল। সেই ম্যাচ শেষে ওয়ানডে সংস্করণের ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে, এরপর ২১ অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হবে তারা।