চেন্নাই থেকে আরও ২ কোচকে ইংল্যান্ডে ভেড়ালেন ফ্লেমিং

ইংল্যান্ড ক্রিকেট
এরিক সিমন্স, ফাইল ফটো
এরিক সিমন্স, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ডের টেস্ট ও সাদা বলের ক্রিকেটের জন্য আলাদা কোচিং দল গঠন করা হয়েছে। টেস্ট দলের নতুন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং নিজের সহযোগী হিসেবে বেছে নিয়েছেন চেন্নাই সুপার কিংসে তার সঙ্গে কাজ করা জেমস ফস্টার ও এরিক সিমন্সকে। অন্যদিকে, সীমিত ওভারের ক্রিকেটে প্রধান কোচের দায়িত্বে থাকছেন ব্রেন্ডন ম্যাককালাম। আগামী দিনের পরিকল্পনা সামনে রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

টেস্ট দলের কোচিং দলে আরও থাকছেন গ্ল্যামরগনের সাবেক কোচ রিচার্ড ডসন ও মার্কাস ট্রেসকোথিক। ইংল্যান্ডের জাতীয় দলের স্পিন বোলিং বিভাগের দায়িত্ব পেয়েছেন ডসন। পাকিস্তান সফরে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে কাজ করা ট্রেসকোথিকও থাকছেন নতুন ব্যবস্থায়।

সাদা বলের ক্রিকেটে ম্যাককালামের সঙ্গে কাজ করবেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার জিতান প্যাটেল ও টিম সাউদি। এ ছাড়া কোচিং দলে থাকছেন সারাহ টেইলর ও কেভিন পিটারসেন। বিশেষজ্ঞ পরামর্শকের দায়িত্ব পালন করবেন পিটারসেন। আগামী বছর সাউথ আফ্রিকায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই দল নিয়ে প্রস্তুতি এগিয়ে নিতে চায় ইংল্যান্ড।

সোমবার নতুন নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন ইংল্যান্ড পুরুষ দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি। দুই সংস্করণে আলাদা কোচিং দল গঠনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ফ্লেমিং ও ম্যাককালাম দুজনেরই এমন সহযোগী প্রয়োজন, যাদের নিয়ে তারা সাফল্য এনে দিতে পারবেন।

ফ্লেমিংয়ের সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে সিমন্সের। চেন্নাই সুপার কিংসে টানা আট বছর তার সঙ্গে ছিলেন এই কোচ। অন্যদিকে, এসেক্স ও ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক ফস্টার ২০২৬ সালের আইপিএলে চেন্নাইয়ের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরিচিত এই দুই মুখকে সঙ্গে নিয়েই টেস্ট দলকে এগিয়ে নিতে চান ফ্লেমিং।

ফস্টার টেস্ট দলের কোচিং দলে যুক্ত হওয়ায় সেখানে আর থাকছেন না সারাহ টেইলর। গত গ্রীষ্মে তিন সংস্করণেই ইংল্যান্ডের কোচিং দলের সঙ্গে কাজ করেছিলেন তিনি।

ইংল্যান্ডের টেস্টের কোচিং স্টাফ: স্টিফেন ফ্লেমিং (প্রধান কোচ), রিচার্ড ডসন, মার্কাস ট্রেসকোথিক, জেমস ফস্টার, এরিক সিমন্স।

ইংল্যান্ডের সাদা বলের কোচিং স্টাফ: ব্রেন্ডন ম্যাককালাম (প্রধান কোচ), সারাহ টেইলর, জিতান প্যাটেল, টিম সাউদি, কেভিন পিটারসেন (স্পেশালিস্ট মেন্টর)।

আরো পড়ুন: