সমালোচনার মুখে আফগান প্রিমিয়ার লিগের ড্রাফট থেকে সরে দাঁড়ালেন পোপ

আফগানিস্তান প্রিমিয়ার লিগ
অলি পোপ, ফাইল ছবি
অলি পোপ, ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরের ড্রাফট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার অলি পোপ। আফগানিস্তানে তালেবান সরকারের অধীনে নারীদের প্রতি আচরণ নিয়ে সমালোচনার মধ্যেই ইংল্যান্ডের ক্রিকেটারদের এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সম্ভাবনা বিতর্ক তৈরি করেছে। পোপের পাশাপাশি ড্রাফট থেকে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের উইল স্মিড ও ডেভিড উইলিও।

চলতি মাসে জানা গিয়েছিল, আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে অস্বীকৃতি জানালেও দেশটির ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য ইংল্যান্ডের ক্রিকেটারদের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার পরিকল্পনা করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তালেবান সরকারের অধীনে নারীদের প্রতি আচরণের প্রতিবাদে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় ক্রিকেট থেকে দূরে রয়েছে ইংল্যান্ড। এই পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজি লিগে ইংলিশ ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ওঠে।

ইসিবির ব্যবস্থাপনা পরিচালক রব কি সোমবার সকালে ইংল্যান্ডের ক্রিকেটারদের এপিএলে খেলার বিষয়ে ‘সঠিক নৈতিক অবস্থান’ নেওয়ার আহ্বান জানান। পোপের ড্রাফটে নাম নিবন্ধনের বিষয়েও তার সঙ্গে কথা বলার কথা জানিয়েছিলেন তিনি। তবে রব কি বক্তব্য দেওয়ার আগেই ড্রাফট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন পোপ। আগামী ২৪ অক্টোবর এই ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা।

ইংল্যান্ডের ক্রিকেটারদের এপিএলে অংশ নেওয়া আটকানো আইনগতভাবে কঠিন বলে মনে করেন রব কি। বিবিসির টেস্ট ম্যাচ স্পেশাল পডকাস্টে তিনি বলেন, 'আইনগতভাবে ক্রিকেটারদের এসব প্রতিযোগিতায় খেলতে যাওয়া ঠেকানো কঠিন। বিষয়টি নৈতিক সিদ্ধান্তের জায়গায় চলে আসে। ক্রিকেটারদের নিজেদের সঠিক নৈতিক অবস্থান নিতে প্রস্তুত থাকতে হবে। ব্যক্তিগতভাবে আমি সেখানে খেলতে যেতাম না, তবে সিদ্ধান্তটা শেষ পর্যন্ত খেলোয়াড়দেরই নিতে হবে।'

আফগানিস্তানে নারীদের সঙ্গে আচরণের বিষয়ে নিজের আপত্তির কথাও স্পষ্ট করেছেন রব কি। তার ভাষায়, 'আফগানিস্তানে নারীদের সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে এবং দেশটিতে যেভাবে বিভিন্ন বিষয় পরিচালিত হয়, তার সঙ্গে আমি একমত নই। তাই আমি সেখানে খেলতে যেতাম না।' এদিকে ড্রাফটে এখনো নিবন্ধিত থাকা ইংল্যান্ডের ব্যাটার ডেভিড মালান বিষয়টি নিয়ে বোর্ডের নির্দেশনার ওপর নির্ভর করার কথা জানিয়েছেন।

মালান একই পডকাস্টে বলেন, 'খেলোয়াড় হিসেবে আমরা আইসিসি ও ক্রিকেট বোর্ডগুলোর কাছ থেকে নির্দেশনা নিই।' নারীদের খেলাধুলায় অংশগ্রহণের বিষয়টি যে গুরুত্বপূর্ণ, তা স্বীকার করেও তিনি বলেন, 'আমার একটি মেয়ে আছে। আমি চাই, সে খেলাধুলা করুক এবং তা উপভোগ করুক। তাই এই যুক্তি আমি পুরোপুরি বুঝি। তবে দিন শেষে আমি একজন ক্রিকেটার। নিজের খরচ চালাতে এবং যত দিন পারি আয় করতে হবে। বোর্ডগুলো অনুমোদন দিলে আমি খেলতে রাজি।'

এপিএল আয়োজন নিয়েও অনিশ্চয়তা রয়েছে। পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে এখন পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র তিনটি। গত সপ্তাহে ক্রিকইনফোর প্রতিবেদনে একটি সূত্র লিগটির ভবিষ্যৎকে অনিশ্চিত বলে বর্ণনা করেছিল। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়ার কথা আফগানিস্তান প্রিমিয়ার লিগের প্রথম আসর।

আরো পড়ুন: