ইংল্যান্ডের বিপক্ষে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা

ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়েছে শ্রীলঙ্কা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চেস্টার-লি-স্ট্রিটে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার কম বোলিং করায় দলটির খেলোয়াড়দের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, প্রতি ওভার কম করার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে। সেই হিসাবে তিন ওভার কম থাকায় মোট ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিযোগ আনেন।

ম্যাচের চার আম্পায়ার ওয়েন নাইটস, গ্রাহাম লয়েড, তৃতীয় আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও চতুর্থ আম্পায়ার জেমস মিডলব্রুক স্লো ওভার রেটের বিষয়টি রিপোর্ট করেন। অধিনায়ক কুশল মেন্ডিস অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী সদস্যদের আচরণবিধির ২.২২ ধারায় স্লো ওভার রেটের শাস্তির কথা বলা হয়েছে। তবে চোট, বৃষ্টি বা দলের নিয়ন্ত্রণের বাইরে থাকা অন্য কোনো কারণে নষ্ট হওয়া সময় অনুমোদিত ছাড় হিসেবে বাদ দেওয়া হয়। এসব ছাড় হিসাব করার পরও শ্রীলঙ্কা তিন ওভার পিছিয়ে ছিল।

মেন্ডিস অভিযোগ মেনে নেওয়ায় ম্যাচ শেষ হওয়ার দিনই বিষয়টির নিষ্পত্তি হয়েছে। জরিমানাটি শুধু অধিনায়কের ওপর নয়, ওই ম্যাচে খেলা শ্রীলঙ্কার একাদশের সব সদস্যের ম্যাচ ফির ওপর প্রযোজ্য হবে।

ম্যাচে অবশ্য শ্রীলঙ্কার জন্য ফলও ছিল হতাশার। ইংল্যান্ডের ২৬৫ রানের জবাবে ৩৭ ওভারে ১৭৬ রানে অলআউট হয়ে ৮৯ রানে হারে তারা। ইংল্যান্ডের জয়ে বড় ভূমিকা রাখেন উইল জ্যাকস, ২২ রানে ৫ উইকেট নিয়ে হন ম্যাচসেরা।

আরো পড়ুন: