ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে প্রফেশনাল কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে পাকিস্তান। সেই ম্যাচে ব্যাটিংয়ের সময় ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের পেসার ম্যানি লামসডেনের লাফিয়ে ওঠা ডেলিভারিতে ডান হাতে আঘাত পেয়েছিলেন বাবর।
বল হাতে লাগার পর তাকে কাতরাতে দেখা যায়। সেই ম্যাচে আর ব্যাটিং করতে দেখা যায়নি তাকে। প্রথম টেস্টের আগে ব্যাটিংয়ে ফিরলেও খুব একটা স্বস্তিতে ছিলেন বাবর। তবে ঝুঁকি এড়াতে প্রথম টেস্টে রাখা হয়নি ডানহাতি ব্যাটারকে। তবে দ্বিতীয় টেস্টের আগে চোট কাটিয়ে ফিরেছেন তিনি।
লর্ডস টেস্ট শুরুর আগে নেটে ব্যাটিং করেছেন বাবর। যেখানে পেসারদের পাশাপাশি স্পিনার ও থ্রোয়ারের বিপক্ষেও স্বস্তিতে ব্যাটিং করতে দেখা গেছে পাকিস্তানের অধিনায়ককে। উমর গুল নিশ্চিত করেছেন, সাবলীলভাবেই নেটে পুরো সেশন ব্যাটিং করেছেন বাবর। ফিটনেস টেস্টে উতরে যেতে পারলেই একাদশে দেখা যাবে তাকে।
বাবরের চোট নিয়ে গুল বলেন, ‘বাবর নেটে ব্যাটিং করেছে, পেসার, স্পিনার ও থ্রোয়ারকেও মোকাবেলা করেছে। আমরা আশাবাদী সে ম্যাচের জন্য অ্যাভেইলএবল থাকবে। আজকে তাকে বেশ সাবলীল মনে হয়েছে। নেটে খুব ভালো ব্যাটিং করেছে। সে পুরো ব্যাটিং সেশন করেছে।’
ব্যাটারদের ব্যর্থতায় প্রথম টেস্টে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। বাবর ফিরলে টপ অর্ডারে স্বস্তি ফিরবে সফরকারী। অধিনায়ক ফিরলে জায়গা ছাড়তে হতে পারে আজান আওয়াইজকে। বাবরকে চারে জায়গা করে দিতে আব্দুল্লাহ শফিক কিংবা শান মাসুদের কেউ ওপেন করতে পারেন।
ইংল্যান্ডে এখনো পর্যন্ত ৬৫.৭৫ গড়ে রান করেছেন বাবর। ছয় ইনিংসে তিনটি হাফ সেঞ্চুরিও আছে তার। সব সংস্করণ মিলে ১৪ ইনিংসে রান করেছেন ৫৩.৮৩ গড়ে। সিরিজ বাঁচাতে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই পাকিস্তানের। গুলের বিশ্বাস, লর্ডসে দারুণভাবে ঘুরে দাঁড়াবেন বাবর-শান মাসুদরা।