ইংল্যান্ড সিরিজেই ফিরতে পারেন কোহলি

ইংল্যান্ড-ভারত সিরিজ
বিরাট কোহলি, ফাইল ফটো
বিরাট কোহলি, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না বিরাট কোহলি। তবে তার মাঠে ফেরার অপেক্ষা খুব বেশি দীর্ঘ হচ্ছে না বলেই আশা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ইংল্যান্ডের বিপক্ষে এক দিনের সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন তিনি।

বর্তমানে পরিবারসহ লন্ডনে অবস্থান করছেন কোহলি। সেখানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। শিগগিরই বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে গিয়ে শারীরিক সক্ষমতার পরীক্ষা দেওয়ার কথা রয়েছে তার। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে জাতীয় দলের সঙ্গে যোগ দেয়ার পথ খুলে যাবে।

বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, 'কোহলি পুনর্বাসন শুরু করেছে। চোট প্রায় সেরে গেছে। শারীরিক সক্ষমতার অনুমোদন নিতে শিগগিরই বেঙ্গালুরু যাবে। সবকিছু ঠিক থাকলে ইংল্যান্ড সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে সে।'

ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলের ঘোষণা হয়ে গেলেও এক দিনের সিরিজের দল এখনও চূড়ান্ত হয়নি। আফগানিস্তান সিরিজ শেষ হওয়ার পরই নির্বাচকদের বৈঠক বসার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই দল ঘোষণার আভাস দিয়েছে বোর্ড।

এ বিষয়ে বোর্ড সচিব দেবজিত সাইকিয়া বলেন, 'আগামী তিন থেকে চার দিনের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে এক দিনের সিরিজের দল নির্বাচন হতে পারে।'

এদিকে ২০২৭ সালের বিশ্বকাপে বিরাট কোহলি ও রোহিত শর্মার অংশগ্রহণ নিয়ে এখনও কোনো নিশ্চয়তা দিতে চাইছে না বোর্ড। দীর্ঘমেয়াদি এমন সিদ্ধান্তে অনেক বিষয় বিবেচনায় নিতে হয় বলে জানিয়েছেন সাইকিয়া।

তিনি বলেন, 'এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে ক্রিকেট কমিটি, নির্বাচক কমিটি, দলের কোচ, সহায়ক কর্মী এবং সংশ্লিষ্ট খেলোয়াড়- সবাই যুক্ত থাকে। নিয়মিত আলোচনা ও বিশ্লেষণ চলে। এসব বিষয় কৌশলের অংশ, তাই এখনই এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা ঠিক হবে না।'

আরো পড়ুন: