আরও ৪ বছর কোহলিকে চায় বেঙ্গালুরু

আইপিএল
বেঙ্গালুরুর শিরোপা উদযাপন, ফাইল ফটো
বেঙ্গালুরুর শিরোপা উদযাপন, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বয়স বাড়লেও বিরাট কোহলির পারফরম্যান্সে কোনো প্রভাব পড়ছে না। মাঠে এখনও সমান ধার নিয়ে খেলছেন ভারতের এই ব্যাটার। সাম্প্রতিক আসরগুলোতে ধারাবাহিক সাফল্যের পর তাকে আরও অন্তত চার বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে দেখতে চায় ফ্র্যাঞ্চাইজিটির শীর্ষ কর্তৃপক্ষ।

আইপিএলের শুরু থেকেই বেঙ্গালুরুর সঙ্গে আছেন কোহলি। দীর্ঘ সময় নেতৃত্ব দেয়ার পাশাপাশি ব্যাট হাতেও হয়ে উঠেছেন দলের অন্যতম ভরসা। ২০২৫ সালে দলটির প্রথম শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। চলতি বছর শিরোপা ধরে রাখার পথে ছিল তার বড় অবদান।

ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী রাজেশ মেননের বিশ্বাস, কোহলির মধ্যে এখনও দীর্ঘ সময় খেলার সামর্থ্য রয়েছে। তিনি বলেন, 'আরসিবি ও বিরাট একই মুদ্রার এপিঠ-ওপিঠ। শুরু থেকেই তিনি এই দলের অবিচ্ছেদ্য অংশ। ক্রিকেট ক্যারিয়ারের পাট চুকিয়ে ফেলার পরও তিনি আরসিবির অংশ থাকবেন না- এমনটা আমরা ভাবতেই পারি না।'

গত চার আসরে ব্যাট হাতে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছেন কোহলি। ২০২৩ থেকে ২০২৬ পর্যন্ত প্রতিটি মৌসুমেই ছয়শর বেশি রান করেছেন তিনি। সবশেষ দুই আসরে তার সংগ্রহ ছিল যথাক্রমে ৬৫৭ ও ৬৭৫ রান। সর্বশেষ আসরে টুর্নামেন্ট সেরার স্বীকৃতিও পেয়েছেন এই তারকা ব্যাটার।

সম্প্রতি বেঙ্গালুরুর মালিকানা বদলের ঘোষণা এলেও কোহলির সঙ্গে দলের সম্পর্কের কোনো পরিবর্তন হবে বলে মনে করেন না মেনন। তার মতে, দলের পরিচয়ের সঙ্গে কোহলির নাম এমনভাবে জড়িয়ে গেছে যে ভবিষ্যতেও সেই সম্পর্ক অটুট থাকবে।

এ বিষয়ে তিনি আরও বলেন, 'আগামী তিন থেকে চার বছর তিনি নিশ্চিতভাবেই খেলা চালিয়ে যাবেন। অন্তত চার বছর তো বটেই। তিনি পুরোপুরি ফিট এবং তার ক্ষুধা শেষ হওয়ার নয়। এবারের মৌসুমেও তার অবিশ্বাস্য প্রাণশক্তি, রান আর আগ্রাসী মনোভাব দেখা গেছে।'

আরো পড়ুন: