ফিলিপসের সেঞ্চুরির পর কিউই বোলারদের দাপট

ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ
ইসিবি
ইসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গ্লেন ফিলিপসের দুর্দান্ত সেঞ্চুরি এবং বোলারদের ধারাবাহিক নৈপুণ্যে ওভাল টেস্টের দ্বিতীয় দিন নিজেদের নিয়ন্ত্রণে রাখল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৩৯১ রান করার পর ইংলিশ ব্যাটারদের চাপের মধ্যে রেখেছেন কিউই বোলাররা। এরই মধ্যে তারা ৬ উইকেট তুলে নিয়েছেন ইংল্যান্ডের।

স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ২২২ রান। ২২ রান নিয়ে জর্ডান কক্স ও শূন্য রানে জফরা আর্চার অপরাজিত আছেন। প্রথম ইনিংসের চেয়ে তারা এখনো ১৬৯ রানে পিছিয়ে। ইংল্যান্ডের ঘুরে দাঁড়াতে কক্সকেই বড় ভূমিকা রাখতে হবে।

এর আগে দিনের শুরুতে নিউজিল্যান্ডের ইনিংসে রান বাড়িয়েছেন কাইল জেমিসন ও গ্লেন ফিলিপস। ১৩৫ বলে ১০০ রানের ইনিংস খেলেছেন ফিলিপস। যদিও সেঞ্চুরি তুলে নেয়ার পর ইনিংস আর বড় করতে পারেননি তিনি। ইনিংস জুড়ে ১৮টি চার মারেন তিনি।

এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরি করা নিউ জিল্যান্ডের তৃতীয় ক্রিকেটার হন ফিলিপস। এদিকে ইংল্যান্ডের হয়ে জ্যাকব বেথেল ৩ উইকেট নেন ২৬ রানে। দুটি করে উইকেট নিয়েছেন আর্চার, ম্যাথু ফিশার ও সনি বেকার। একটি উইকেট যায় জশ টাংয়ের ঝুলিতে।

জবাবে ইংল্যান্ডের শুরুটা ছিল ৪৫ রানের জুটি দিয়ে। এমিলিও গের সঙ্গে এই জুটি ভাঙে বেন ডাকেট ৩৬ রান করে রান আউট হলে । এরপর ৯ রান করে ফিরে যান জ্যাকব বেথেলও। তৃতীয় উইকেটে এমিলিও ও জো রুট মিলে ৭৪ রানের জুটি গড়েন।

এমিলিও করেন ৫৩ রান। এরপর রুট ও হ্যারি ব্রুক দলকে টেনে নেয়ার চেষ্টা করেন। দুজনের জুটি যদিও ২৮ রানের বেশি বড় হয়নি। রুট থামেন ৪৬ রানে, ব্রুক করেন ২৪ রান। শেষ দিকে জর্ডান কক্স ও জেমস রিউ ৪০ রানের জুটি গড়ে ইনিংস কিছুটা স্থিতিশীল করেন।

রিউ ২৪ রান করে আউট হয়ে গেলেও কক্স অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের হয়ে উইল ও’রুর্কি নেন ২ উইকেট। দুটি উইকেট পেয়েছেন ম্যাট হেনরিও। পাশাপাশি একটি উইকেট নেন নাথান স্মিথ।

আরো পড়ুন: