কেনিংটন ওভালে সবুজ উইকেটে ব্যাটারদের জন্য কাজটা সহজ ছিল না। তবুও ফিলিপসের সাহসী ইনিংস এবং মিডল অর্ডারের বাকিদের ছোট ছোট অবদান নিউজিল্যান্ডকে শক্ত অবস্থানে নিয়ে যায়। তবে দিনের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে ৬৭তম ওভারে। সূর্যের আলো সাইটস্ক্রিনে প্রতিফলিত হয়ে দৃষ্টিতে সমস্যা তৈরি করায় ফিলিপস মাঠে সানগ্লাস আনানোর অনুরোধ করেন। মজার ব্যাপার হলো, সানগ্লাস পরে খেলা প্রথম বলেই আর্চারের একটি তীক্ষ্ণ বাউন্সার তার কাঁধে আঘাত হানে।
দিনের শেষভাগে আর্চারকে চতুর্থ স্পেলে আক্রমণে ফেরানো হয়। তখন ফিলিপস মাত্র ২৩ বলে ৩৩ রান করে ফেলেছিলেন এবং অভিষিক্ত পেসার সনি বেকারের ওপর চড়াও হবার চেষ্টা চালাচ্ছিলেন ফিলিপস। এরপর আর্চার এরপর একের পর এক শর্ট বল ছুড়তে থাকেন। এর মধ্যে একটি বল ফিলিপসের মাথা অল্পের জন্য এড়িয়ে যায় এবং আঘাতের ধাক্কায় তিনি কিছু সময়ের জন্য মাটিতে শুয়ে পড়েন।
তবে পরিস্থিতিকে নাটকীয়ভাবে সামাল দেন এই কিউই ব্যাটার। মাটিতে শুয়ে থেকেই নিউজিল্যান্ড ড্রেসিংরুমের দিকে 'থাম্বস-আপ' দেখান তিনি। কঠিন সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দিন শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকেন ফিলিপস এবং নিউজিল্যান্ডকে ভালো অবস্থানে নিয়ে যান।
ফিলিপসের এমন দারুণ মানসিকতায় মুগ্ধ তার সতীর্থরাও। ফিলিপসের প্রশংসা করে মিচেল বলেন, 'এ ধরনের মুহূর্তে গ্লেন নিজেকে সবচেয়ে বেশি উপভোগ করে। সানগ্লাস পরে সে যেন আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। আর্চারের সেই স্পেল মোকাবিলা করা মোটেও সহজ ছিল না। কিন্তু গ্লেন নিজের স্বভাবসুলভ ভঙ্গিতেই পরিস্থিতি সামলেছে।'
এ প্রসঙ্গে মিচেল আরও বলেন, 'ওকে মাটিতে পড়ে থেকেও থাম্বস-আপ দিতে দেখে আমরা হাসছিলাম। সে আমার খুব ভালো বন্ধু। অনেক দিন ধরে একসঙ্গে খেলছি। আন্তর্জাতিক মঞ্চে তাকে নিজের মতো করে খেলতে দেখা সত্যিই দারুণ ব্যাপার।'
এই সিরিজে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটারও হয়ে উঠেছেন ফিলিপস। আইপিএলে দীর্ঘ সময় বেঞ্চে কাটানোর পর ইংল্যান্ড সফরে এসে নতুনভাবে নিজেকে মেলে ধরেছেন তিনি। সিরিজে এখন পর্যন্ত মাত্র একবার আউট হয়ে করেছেন ১২৭ রান। লর্ডসে প্রথম টেস্টেও তিনি ৩৪ ও ৪৪ রানের দুটি কার্যকর ইনিংস খেলেছিলেন।
মিচেল বলেন, 'সে অসাধারণ একজন ক্রিকেটার। সবসময় উদ্যমে ভরপুর থাকে এবং নিজের পরিকল্পনা নিয়ে খুবই পরিষ্কার। প্রতিটি বল ধরে এগোনোর যে প্রক্রিয়া, সেটিতেই সে বিশ্বাস করে। আজকের ইনিংস আমাদের আগামীকাল নতুন করে শুরু করার সুযোগ করে দিয়েছে।'
তিনি আরও যোগ করেন, 'ইংল্যান্ডের বোলারদের দীর্ঘ সময় মাঠে রাখাটা গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচটি পাঁচ দিন পর্যন্ত গড়াতে পারে বলেই মনে হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রতিটি জুটি মূল্যবান। আশা করছি সকালে আরও কিছু রান যোগ করতে পারব এবং এরপর ম্যাচে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে পারব।'