গত সোমবারের ম্যাচ শেষে শ্রীলঙ্কার এক ক্রিকেটারকে ধাক্কা দেন বৈভব। ঘটনাটি নিয়ে মাঠেই আলোচনা শুরু হয়। পরে বৈভবের পক্ষে অবস্থান নেন অধিনায়ক তিলক। তবে ম্যাচ-পরবর্তী প্রতিবেদনে দুই দলের কয়েকজন ক্রিকেটারের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ম্যাচ পর্যবেক্ষক প্রদীপ জয়াপ্রগাস।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শ্রীলঙ্কার ভিশেন হালাম্বাগে এবং উইকেটরক্ষক নিরোশন ডিকওয়েলার আচরণও গ্রহণযোগ্য ছিল না। ম্যাচ চলাকালে এবং ম্যাচ শেষে তাদের কর্মকাণ্ড পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে বলে মনে করা হচ্ছে।
ঘটনার পর চার ক্রিকেটারের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে বৈভব ও হালাম্বাগের ম্যাচ পারিশ্রমিকের অর্ধেক কেটে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। তিলকের ক্ষেত্রে ৩০ শতাংশ এবং ডিকওয়েলার ক্ষেত্রে ২০ শতাংশ পারিশ্রমিক কর্তনের সুপারিশ করা হয়েছে।
তবে ‘এ’ দলের ম্যাচ হওয়ায় আইসিসি সরাসরি কোনো শাস্তি কার্যকর করে না। এ ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডের ওপরই সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব থাকে।
ইতোমধ্যে নিজের সুপারিশ ভারতীয় ক্রিকেট বোর্ড ও শ্রীলঙ্কা ক্রিকেটের কাছে পাঠিয়েছেন ম্যাচ পর্যবেক্ষক। দুই দেশের ক্রিকেট সংস্থা বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এরপর সেই সিদ্ধান্তের প্রতিবেদন আইসিসির কাছে পাঠানো হবে।