সাউদাম্পটনে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের চার উইকেটের জয়ে সিভার-ব্রান্ট ৪৮ রান করে মাঠ থেকে উঠে যান। এর আগে চলতি গ্রীষ্মে কাউন্টি ক্রিকেট খেলার সময় যে বাঁ পায়ের কাফের পেশিতে চোট পেয়েছিলেন, একই জায়গায় অস্বস্তি অনুভব করেন তিনি।
গত সপ্তাহে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে তিনি দলে ফেরার অনুমতি পেয়েছিলেন, তবে শর্ত ছিল শুধু ব্যাটার হিসেবেই খেলতে হবে তাকে। বুধবার বিকেলে এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের পরবর্তী দুই ম্যাচে পাওয়া যাবে না তাকে।
বিবৃতিতে বলা হয়, ‘দলের সঙ্গেই থেকে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাওয়ার সময় ইংল্যান্ডের মেডিকেল দল নিয়মিত ন্যাটের অবস্থা পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবে।’
এই সময়সীমা অনুযায়ী, ২৭ জুন দ্য ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের শেষ গ্রুপ ম্যাচে সিভার-ব্রান্টের ফেরার সম্ভাবনা এখনও রয়েছে। তার অনুপস্থিতিতে স্পিন বোলিং অলরাউন্ডার চার্লি ডেন ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন।
গত মাসে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজেও তিনি অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। ঘরের মাঠের বিশ্বকাপে ইংল্যান্ড শিরোপার সবচেয়ে বড় দাবিদার। তবে ব্রান্টের মতো অলরাউন্ডারকে না পেলে নিশ্চিতভাবেই ভুগতে হতে পারে দলটিকে।