হোল্ডার-জোসেফদের দারুণ বোলিংয়ের পর, ক্যারিবিয়ানদের জেতালেন হোপ

ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা সিরিজ
এসএলসি
এসএলসি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৯ রান। হাতে ছিল ৭ উইকেট। সমীকরণটি তখনো ওয়েস্ট ইন্ডিজের জন্য ছিল একেবারে সহজ। তবে নাটকীয়তার আভাস মিললেও শেষ পর্যন্ত বড় কোনো চাপ তৈরি করতে পারেনি শ্রীলঙ্কা। ১৯তম ওভারে দুশমান্থা চামিরা দেন মাত্র ৩ রান।

ফলে শেষ ওভারে দরকার দাঁড়ায় ৬ রান। প্রথম বলেই এক রান নিয়ে চাপ কমিয়ে দেন ব্যাটাররা। দ্বিতীয় বলেই রভম্যান পাওয়েলের ছক্কায় জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। ৭ উইকেটের জয় নিয়ে তিন ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা। জ্যামাইকার স্যাবাইনা পার্কে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা শুরুটা করে দারুণ।

প্রথম চার ওভারে তারা স্কোরবোর্ডে তোলে ৩৯ রান। তবে পঞ্চম ওভারে জেসন হোল্ডারের আঘাতে ম্যাচের মোড় ঘুরে যায়। টানা দুই বলে ফেরান পাথুম নিশাঙ্কা (১৮) ও লাসিথ ক্রুসপু্লেকে (০)। পরের ওভারে শামার জোসেফের বোলিংয়ে শিমরন হেটমায়ারের দারুণ ক্যাচে আউট হন পভন রত্নায়েকে (৪)। একের পর এক ধাক্কায় মাত্র ৬ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা।

পরে লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিসও ফিরে গেলে চাপে পড়ে দলটি। পঞ্চম উইকেটে কামিন্দু মেন্ডিস ও দাসুন শানাকা গড়েন ৫৯ রানের জুটি। তবে রানের গতি আর বাড়াতে পারেননি কেউই। শানাকা ২৩ বলে ২২ রান করে আউট হন। কামিন্দু ৩৯ বলে ৫১ রান করে শেষ ওভারে রান আউট হন।

শেষদিকে দ্রুত উইকেট হারিয়ে ২০ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান। এর মধ্যে শেষ ৭ ওভারে আসে মাত্র ৩৯ রান। রান তাড়ায় ঝড়ো শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লেতে শেই হোপ ও ব্র্যান্ডন কিং মিলে তোলেন ৬৬ রান। পাওয়ার প্লের পরই ওয়ানিন্দু হাসারাঙ্গা ভেঙে দেন এই জুটি। লঙ্কান এই লেগ স্পিনারের বলে ২২ বলে ৩৭ রান করে বোল্ড ফেরেন কিং।

এরপর হেটমায়ার ৯ বলে ১৭ রান করে হাসারাঙ্গার দ্বিতীয় শিকার হন। মাঝের ওভারগুলোতে রানের গতি কমে যায় ক্যারিবিয়ানদের। রস্টন চেজ ২৬ বলে করেন ১৬ রান। তবে এক প্রান্ত আগলে রেখে ম্যাচ নিয়ন্ত্রণে রাখেন অধিনায়ক শাই হোপ। শেষ পর্যন্ত ৫৪ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ দিকে রভম্যান পাওয়েল দ্রুত রান তুলে দলকে সহজ জয়ের পথে নিয়ে যান। আগামী রবিবার সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে মাঠে নামবে এই দুই দল।

আরো পড়ুন: