সিডনি থান্ডারের প্রধান কোচ হচ্ছেন ফ্লিনটফ

বিগ ব্যাশ
অ্যান্ড্রু ফ্লিনটফ, ফাইল ফটো
অ্যান্ড্রু ফ্লিনটফ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের প্রধান কোচ হতে যাচ্ছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। ৪৮ বছর বয়সী ফ্লিনটফের জন্য এটি হতে যাচ্ছে ইংল্যান্ডের বাইরে প্রথমবার পূর্ণাঙ্গ কোচিং দায়িত্ব। এর আগে তিনি ইংল্যান্ড লায়ন্স ও নর্দান সুপারচার্জার্সের কোচিং দলে কাজ করেছেন।

২০২৫-২৬ মৌসুম শেষে ট্রেভর বেলিসের সঙ্গে সম্পর্ক শেষ করে সিডনি থান্ডার। পাঁচ বছর দায়িত্বে থাকার পর বিদায় নিতে হয়েছে তাকে। সর্বশেষ আসরে দলটি পয়েন্ট তালিকার একেবারে নিচে শেষ করায় নতুন কোচ খোঁজার সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে খেলোয়াড় হিসেবেও অস্ট্রেলিয়ার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ফ্লিনটফ। ২০১৪-১৫ মৌসুমে ব্রিসবেন হিটের হয়ে খেলেছিলেন তিনি। সেটিই ছিল পেশাদার ক্রিকেটে তার শেষ মৌসুম। সেই আসরে সাত ম্যাচ খেলে ৭৪ রান করার পাশাপাশি নিয়েছিলেন তিন উইকেট।

এদিকে অস্ট্রেলিয়ায় কোনো দলের দায়িত্ব নেয়া অবশ্য ফ্লিনটফের জন্য একেবারে নতুন নয়। অ্যাশেজ চলাকালে ইংল্যান্ড লায়ন্স দলের সফরে কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। এ ছাড়া ম্যাথিউ মটের সময় ইংল্যান্ডের সীমিত ওভারের দলে পরামর্শক হিসেবেও কাজ করেছেন সাবেক এই অলরাউন্ডার।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এটি হবে ফ্লিনটফের দ্বিতীয় কোচিং অধ্যায়। নর্দান সুপারচার্জার্সের দায়িত্বে থেকে টানা দুই মৌসুম দলকে চতুর্থ ও তৃতীয় স্থানে শেষ করিয়েছিলেন তিনি। তবে ২০২৬ মৌসুমের আগে মালিকানাগত পরিবর্তনের পর দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় দলটি ছেড়ে দেন ফ্লিনটফ।

সিডনি থান্ডারের দায়িত্ব নেওয়ার পর ফ্লিনটফের প্রথম বড় সিদ্ধান্তগুলোর একটি হতে পারে অধিনায়কত্ব নিয়ে। বর্তমান অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ভবিষ্যৎ নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এপ্রিল মাসে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ওঠার পর তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

যদিও ওয়ার্নার ইতোমধ্যে সিডনিভিত্তিক দলটির সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়িয়েছেন। ফলে আগামী মৌসুমেও তাকে দলে দেখা যাবে। তবে নেতৃত্বে পরিবর্তন আসে কি না, সেটি এখন দেখার অপেক্ষা।

আরো পড়ুন: