ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে টেস্ট খেলার ধাঁচ বদলে দিয়েছেন ম্যাককালাম। বাজবলে টেস্ট ক্রিকেটের আকর্ষণ বাড়ালেও এখনো পর্যন্ত সাদা পোশাকে কিছু জিততে পারেনি তিনি। সবশেষ অ্যাশেজ নিয়ে অনেক বেশি প্রত্যাশা থাকলেও সেটা পূরণ করতে ব্যর্থ্য হয়েছেন। জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সদের চোটে দূর্বল হয়ে পড়া অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংলিশরা। গত বছরের জানুয়ারিতে সাদা বলের ক্রিকেটের দায়িত্ব নেন সাবেক কিউই অধিনায়ক।
পাকিস্তানে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। দলের ব্যর্থতায় অধিনায়কত্ব ছাড়েন জস বাটলার। সবশেষ কয়েক মাসে অবশ্য সাদা বলের ক্রিকেটে ভালো করছে ইংলিশরা। যদিও চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জেতা হলো না তাদের। সেমিফাইনালে ভারতের কাছে হেরে বাড়ির পথ ধরতে হয়েছে হ্যারি ব্রুকদের। ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি আছে ম্যাককালামের।
সাম্প্রতিক সময়ের ব্যর্থতায় ‘পারফরম্যান্স রিভিউ’ করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ২০১৫ সালে বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর আমূল পরিবর্তন হয়েছিল ইংলিশ ক্রিকেটে। পরবর্তীতে রিভিউয়ে কিছু পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ম্যাককালামের চাকরি থাকবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। যদিও এসব নিয়ে এখনই খুব বেশি কিছু ভাবছেন না। বরং ইংল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে চান তিনি।
স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপকালে ম্যাককালাম বলেন, ‘দেখুন—কাজটা আমি ভালোবাসি। এটা দারুণ একটা দায়িত্ব। অবশ্যই এখানে চ্যালেঞ্জ আছে, কাজের ধরণটাই তো এমন। আমার মনে হয় গত কয়েক বছরে আমরা চমৎকার কিছু অর্জন করেছি। কিন্তু এই দল নিয়ে আরও অনেক কিছুই অর্জন করা বাকি আছে, সেটা সব ফরম্যাটেই।’
‘আমি দায়িত্বটা চালিয়ে যেতে চাই। আমরা দেখব, আগামী কিছুদিনে কী অপেক্ষা করছি। সফরে অনেকটা সময় কাটানোর পর আপাতত বাড়ি ফিরতে চাই। আশা করছি কিছুটা ঘোড়দৌড় দেখে এবং বাজেভাবে গলফ খেলে সময় কাটাব। তারপর পেছন ফিরে তাকিয়ে দেখব কোথায় ভুল হয়েছে।’
চলতি সপ্তাহে মুম্বাইয়ে এসেছেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ডস গোল্ড ও চেয়ারম্যান থম্পসন। তাদের দুজনের হাতেই ম্যাককালামের ভবিষ্যত নির্ভর করছে। যদিও সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের প্রধান কোচকে সমর্থন দিয়েছেন গোল্ড। ম্যাককালামকে কোচ হিসেবে রাখার পক্ষে ব্রুকও। ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জানিয়েছেন, ম্যাককালাম তার দেখা সেরা কোচ।
ব্রুক বলেন, ‘১২৫ শতাংশ বার (পরামর্শ দিবো)। আমি অনেকবার বলেছি, তিনি আমার সাথে কাজ করা কোচদের মধ্যে সেরা। তিনি আমার দেখা সেরা একজন প্রধান কোচ। তিনি যেভাবে সবার সাথে কথা বলেন, ড্রেসিংরুমে বিশেষ এক ‘অরা’ রয়েছে। সবাই তার উপর নির্ভর করে। তিনি খেলোয়াড় হিসেবে যা অর্জন করেছেন তা অবিশ্বাস্য ছিল, সেগুলোই যেন কোচিংয়ে নিয়ে এসেছেন। চার বছরে তিনি ইংলিশ ক্রিকেটকে অনেকটাই বদলে দিয়েছেন এবং সেটা ইতিবাচকভাবেই।’