অক্ষরের ফিল্ডিংয়েরও প্রশংসা করেছেন গাভাস্কার। পাশাপাশি তিনি মনে করেন সময়ের সঙ্গে অক্ষর ভারতের অন্যতম সেরা ক্রিকেটার হয়ে উঠবেন। যদিও এই ম্যাচে ভারতের জয়ের নায়ক সাঞ্জু স্যামসন ও জসপ্রিত বুমরাহ। তবে ফিল্ডিংয়ে দুটি ক্যাচ ধরে ম্যাচের মোড় ঘুরিয়েছেন অক্ষরই।
প্রথমটি ছিল ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকের। কাভারে দৌড়ে গিয়ে লাফিয়ে ব্রুকের ক্যাচ নিয়েছিলেন তিনি। আরেকটি ছিল অলরাউন্ডার শিভাম দুবেকে নিয়ে করা রিলে ক্যাচ, যার মাধ্যমে আউট হন উইল জ্যাকস। এই ক্যাচের ফলেই জ্যাকব বেথেল ও জ্যাকসের পঞ্চম উইকেটে গড়া ৭৭ রানের জুটি ভেঙে যায়।
ম্যাচের পর ইএসপিএন ক্রিকইনফোকে গাভাস্কার বলেন, 'হ্যারি ব্রুককে আউট করতে অক্ষর প্যাটেলের ক্যাচটি ছিল অবিশ্বাস্য। ব্রুক এমন একজন ব্যাটার, যিনি মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাই তাকে ফেরাতে যেকোনো সুযোগ কাজে লাগাতে হয় এবং অক্ষর সেটিই করেছে। সে নিজের ফিল্ডিং পজিশন থেকে ২৪ মিটার দৌড়ে গিয়ে চোখ বলের ওপর রেখেছে, ভারসাম্য ধরে রেখে ক্যাচটি নিয়েছে। সত্যিই অবিশ্বাস্য।'
এরপর অক্ষরের আরেকটি ক্যাচের প্রশংসা করে গাভাস্কার বলেন, 'উইল জ্যাকসের আউটেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তখন বেথেল ও জ্যাকসের জুটি ম্যাচটিকে দূরে নিয়ে যাচ্ছিল। কিন্তু অক্ষর বাম দিকে দৌড়ে বলটি ধরেছে এবং বুদ্ধিমত্তার সঙ্গে শিভাম দুবের কাছে ছুড়ে দিয়েছে। এতে তার দারুণ ক্রিকেটীয় বুদ্ধিমত্তা ফুটে ওঠে।'
অক্ষর প্যাটেল বর্তমানে ভারতীয় দলে যে ভূমিকায় খেলছেন এই জায়গায় গত কয়েকবছর নিয়মিত ছিলে রবীন্দ্র জাদেজা। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন জাদেজা। আর ওয়ানডেতেও নিয়মিত নন। তবে তার জায়গায় সীমিত ওভারের ক্রিকেটে খেলছেন ওয়াশিংটন সুন্দর ও অক্ষররা। এর মধ্যে অক্ষরই সবচেয়ে ভালো বিকল্প জাদেজার। এমনটাই মনে করেন গাভাস্কার।
অক্ষর প্যাটেলের ভবিষ্যৎ নিয়ে গাভাস্কার যোগ করেন, 'ব্যাটিং ও বোলিং দুটোই বিবেচনায় অক্ষর প্যাটেল ভারতের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠবে। এর আগে আমাদের দলে রবীন্দ্র জাদেজা ছিল, এখন সেই জায়গাটি অক্ষর ভালোভাবেই পূরণ করছে। তার বোলিংয়ে আরও একটু পরিমার্জন দরকার, যা অভিজ্ঞতার সঙ্গে আসবে। তার লাইন, লেংথ ও গতি প্রতি বছরই উন্নতি করছে। সহ অধিনায়কের দায়িত্ব পাওয়ার ফলে সে এখন শুধু নিজের নয়, সবার খেলা নিয়েই ভাবছে। এটি তার উন্নতির জন্য দারুণ বিষয়।'