ইংল্যান্ড বিশ্বকাপে দলীয় একতাই শক্তি বাংলাদেশের, দাবি স্বর্ণার

নারী বিশ্বকাপ
স্বর্ণা আক্তার, ক্রিকফ্রেঞ্জি
স্বর্ণা আক্তার, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে যাওয়ার আগে স্কটল্যান্ড সফর করবে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে স্কটল্যান্ড ও নেদার‌ল্যান্ডসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবেন নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারিররা। আসন্ন এই সিরিজগুলোতে ভালো খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চান স্বর্ণা আক্তার। দলীয় একতাকেই শক্তি মানছেন তিনি।

২০২৫ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার আগে বেশ কয়েক মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন বাংলাদেশের মেয়েরা। অনুশীলন ক্যাম্পের ভরসা করেই ভারত বিশ্বকাপ খেলতে হয়েছে তাদের।

তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রে এমন কিছু ঘটছে না। কদিন আগে নেপালে হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব জিতে ইংল্যান্ডের টিকিট পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাওয়ার আগে ব্যস্ত সময় পার করতে হবে জ্যোতিদের।

এদিকে আগামী ৪ এপ্রিল থেকে পর্দা উঠছে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। তিন দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ এপ্রিল। বিপিএল শেষে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবেন বাংলাদেশের মেয়েরা।

শ্রীলঙ্কা সিরিজ শেষে মে মাসের শেষের দিকে কিংবা জুনের প্রথম সপ্তাহে স্কটল্যান্ড, নেদারল্যান্ডসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।

সিরিজগুলোতে খেলা নিয়ে স্বর্ণা বলেন, 'সামনে যেহেতু আমাদের বিপিএল আছে, সামনে আমাদের একটা লক্ষ্য আছে। জুন মাস থেকে বিশ্বকাপ। এর আগে একটা সিরিজ আছে, শ্রীলঙ্কা সিরিজ আছে আমাদের হোম এন্ড অ্যাওয়ে সিরিজ আছে। সম্ভবত থাইল্যান্ডে। তাই আমরা ওইভাবে প্রস্তুত হচ্ছি।'

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ১৪ জুন নেদারল্যান্ডস, ১৭ জুন অস্ট্রেলিয়া, ২০ জুন পাকিস্তান, ২৫ জুন ভারত এবং শেষে ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। জ্যোতি-সোবহানারা সেই ম্যাচটি খেলবেন লর্ডসে।

ইংল্যান্ডে বিশ্বকাপ খেলা নিয়ে কিছুটা রোমাঞ্চিত বাংলাদেশের ক্রিকেটাররা। স্বর্ণা বলেন, 'ইংল্যান্ডে আসলে কখনো খেলা হয়নি, প্রথমবার যাচ্ছি। তাই হয়তো একটু কঠিন সময় আসবে। আমরা এটাকে যতটুকু মেনে নিয়ে খেলতে পারি আরকি।'

নিজের ব্যক্তিগত লক্ষ্য নিয়ে তিনি বলেন, 'নিজের ব্যক্তিগত লক্ষ্য বলতে গেলে এটা গোপন থাক। যখন আমি খেলব হয়তো বা আপনারা দেখতে পারবেন যে আমার আসল লক্ষ্যটা কী। এটা গোপন থাক। যদি দল হিসেবে বলেন আমাদের ইউনিটি (একতা) খুব বেশি শক্তিশালী। মানে দলগতভাবে খুব ভালো, একে অপরকে খুব সাহায্য করি আমরা।'

আরো পড়ুন: