এবারের বিশ্বকাপে নিজেদের সেরাটা খেলতে পারেনি ভারত-ইংল্যান্ড কোনো দলই। গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে হারতে হারতে জিতে যাওয়া ইংলিশরা এখনো নিজেদের সেরাটা দেখানোর দেখানোর অপেক্ষায়। অন্যদিকে সুপার এইটের প্রথম ম্যাচেই বড় হারে ভারতও নিজেদের বাদ পড়ার আশংকা দেখছিলো।
তাই কঠিন এক সেমিফাইনালই অপেক্ষা করছে দুই দলের জন্য। তবে কারান অনুপ্রেরণা মানছেন ইতিহাসকে। সেই অনুপ্রেরণায় মুম্বাইয়ের ওয়াংখেড়ের দর্শকদের চুপ করিয়ে ফাইনালে যেতে চান এই অলরাউন্ডার।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিলো এই দুই দল। সেবার ভারতকে রীতিমতো উড়িয়ে দিয়ে ১০ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে খেলেছিলো ইংল্যান্ড।
কারানের অনুপ্রেরনাও অ্যাডিলেডের সেই ম্যাচটিই, 'সবাই বলছে, ইংল্যান্ড কবে নিখুঁত ম্যাচ খেলবে। এটা (২০২২ বিশ্বকাপের সেমিফাইনাল) আমাদের নিখুঁত ম্যাচ ছিলো। তাই আমরা যদি সেই ম্যাচের কাছাকাছি যেতে পারি, তাহলে দারুণ একটা ব্যাপার হবে।'
ভারতের দর্শকদেরও চাপ হিসেবে না নিয়ে অনুপ্রেরণার রসদ হিসেবে দেখতে চান এই পেস বোলিং অলরাউন্ডার,'মাঠের দর্শকরা যে আবহ তৈরি করবে, এর জন্য আমরা প্রস্তুত। খেলোয়াড় হিসেবে আপনি আরও শিহরণ অনুভব করবেন। এমন স্টেডিয়াম ও কোলাহলের মধ্যে খেলা হবে দারুণ একটি ব্যাপার। যদি আমরা সমর্থকদের চুপ রাখার পথ বের করি নিতে পারি, তাহলে সম্ভবত আমরা ম্যাচে খুব ভালো করব।'