‘পাকিস্তান যাক বা না যাক, ভারত সেমিফাইনালে যেতে পারবে না’

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারত সেমিফাইনালে যেতে পারবে না, সুপার এইট পর্ব শুরুর আগে এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। সাউথ আফ্রিকার কাছে ভারত হেরে যাওয়ার পর আবারও সেটা মনে করিয়ে দেন পাকিস্তানের সাবেক পেসার। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই সেরা চারে উঠবে স্বাগতিকরা। তবুও আগের অবস্থানেই স্থির আমির। পাকিস্তান পেসারের দাবি, সালমান আলী আঘারা সেমিফাইনালে যাক বা না যাক কিন্তু ভারত সেমিতে যেতে পারবে না।

সুপার এইট শুরুর আগে ভারতের গ্রুপ থেকে সেমিফাইনালিস্ট হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকাকে বেছে নেন আমির। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছেন এইডেন মার্করাম, কুইন্টন ডি ককরা। প্রথম ম্যাচে প্রোটিয়াদের কাছে হেরে যাওয়ায় সেরা চারে উঠার সমীকরণ কঠিন হয়ে পড়ে ভারতের জন্য।

যদিও সাউথ আফ্রিকার কাছে ওয়েস্ট ইন্ডিজের হেরে যাওয়ায় খানিকটা সুবিধা হয়েছে স্বাগতিকদের। পরবর্তীতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখেন অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়ারা। দুইটি করে ম্যাচ খেলা ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের পয়েন্ট দুই। শেষ ম্যাচটা তাদের দুই দলের জন্যই বাঁচা-মরার। পরবর্তী ম্যাচে যারা জিতবে তারাই সেমিফাইনালে জায়গা করে নেবে।

কলকাতার ইডেন গার্ডেন্স ও নিজেদের ঘরের মাঠে খেলা হওয়ায় স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে ভারত। যদিও এখনো নিজের অবস্থানেই আছেন আমির। ‘হারনা মানা হ্যায়’ শোতে পাকিস্তানের সাবেক পেসার বলেন, ‘পাকিস্তান সেমিফাইনালে যাবে, দেখে নিও। তবে পাকিস্তান যাক বা না যাক, ভারত পারবে না…।’

ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড হেরে যাওয়ায় এখনো সেমিফাইনালে ওঠার সুযোগ আছে পাকিস্তানের। যদিও কাজটা একেবারে সহজ নয়। পাকিস্তান যদি আগে ব্যাটিং করে ১০৩ থেকে ১৫০ রানের মধ্যে করে তাহলে ৬৩ কিংবা তার চেয়ে বেশি রানে জিততে হবে। পাকিস্তানের পুঁজি যদি ১৫১ থেকে ১৯৮ রানের মধ্যে হয় তাহলে জিততে হবে ৬৪ কিংবা তার চেয়ে রানে।

শ্রীলঙ্কা যদি আগে ব্যাটিং করে তাহলে পাকিস্তানের জন্য সমীকরণটা আরও কঠিন। পাথুম নিশাঙ্কারা যদি ১৫৩ থেকে ১৬৩ রানের মধ্যে লক্ষ্য ছুঁড়ে দেয় তাহলে ১৩.২ ওভারের মধ্যে জিততে হবে পাকিস্তান। আবার পাকিস্তানের লক্ষ্য যদি ১৭৬ থেকে ১৮৬ রান হয় তাহলে জিততে হবে ১৩.৪ ওভারের মধ্যে।

আরো পড়ুন: