সেমিফাইনালের সম্ভাবনা ‘সূক্ষ্ম সুতায়’ ঝুলছে, তবুও আশাবাদী সালমান

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্সে সন্তুষ্ট নন সমর্থকেরা। সালমান আঘার নেতৃত্বাধীন দলের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা এখনো টিকে থাকলেও তা নির্ভর করছে জটিল সমীকরণের ওপর। ফলে দলকে ঘিরে সমালোচনাও বাড়ছে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ ও খেলোয়াড়দের পরিবারের সদস্যদের কটূক্তির ঘটনাও সামনে এসেছে।

সুপার এইটে ইংল্যান্ডের কাছে হারের পর কিছু সমর্থক অধিনায়ক সালমান আঘা ও তার পরিবারের সদস্যদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান সালমানের স্ত্রী। ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে তিনি লেখেন, 'গালাগালি করলে বিশ্বকাপ আসবে না।'

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সতীর্থদের পক্ষ নিয়ে কথা বলেন বাঁহাতি পেসার সালমান মির্জা। তিনি বলেন, 'কোনো খেলোয়াড়ের পরিবারের সদস্যদের লক্ষ্য করে এমন আচরণ অত্যন্ত লজ্জাজনক। একজন খেলোয়াড় সব সময়ই মাঠে ভালো করতে চায়। কোনো দিন যদি সে ভালো খেলতে না পারে, তার মানে এই নয় যে তার পরিবারের ওপর আক্রমণ করতে হবে। আমার মনে হয়, এমনটা কখনোই হওয়া উচিত নয়।'

সুপার এইটের গ্রুপ ২-এ নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে সেমিফাইনালের আশা টিকে আছে পাকিস্তানের। শেষ চারে উঠতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের জিততে হবে অন্তত ৬৪ রানে অথবা ১৩.১ ওভারের মধ্যে লক্ষ্য ছুঁয়ে।

এই বিশ্বকাপে তিন ইনিংসে চার উইকেট নেয়া সালমান মির্জা এ নিয়ে বলেন, 'শুধু সেমিফাইনালে ওঠা নয়, সেখানে ভালো করতেও যথেষ্ট সামর্থ্য আছে পাকিস্তানের। তবে এখন সবকিছু ঝুলে আছে সূক্ষ্ম এক সুতায়, যা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা কেবল নিজেদের ম্যাচের দিকে তাকিয়ে আছি এবং আশা করছি, সেখানে ভালো করতে পারব।'

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান।