ব্যাটিং নিয়ে অতিরিক্ত চিন্তা নেই, সেটাই কাজে দিচ্ছে: হেটমায়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সুপার এইট পর্বে বড় জয় দিয়ে পথচলা শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। মুম্বাইয়ে গতকাল (২৩ ফেব্রুয়ারি) একপেশে ম্যাচে জিম্বাবুয়েকে ১০৭ রানে হারিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগে ব্যাট করে ২৫৪ রানের বড় সংগ্রহ গড়ে তারা, জবাবে সিকান্দার রাজার দল থামে ১৪৭ রানে।

এই জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন শিমরন হেটমায়ার। তৃতীয় ওভারে ক্রিজে নেমেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন বাঁহাতি এই ব্যাটার। মাত্র ৩৪ বলে সাতটি ছক্কা ও সাতটি চারে খেলেন ৮৫ রানের ইনিংস, যা ম্যাচের গতিপথ একতরফা করে দেয়।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে হেটমায়ার বলেন, 'আমার ব্যাটিং নিয়ে অতিরিক্ত চিন্তা করছি না (সেটা কাজে লাগছে)। আগে অতিরিক্ত চিন্তা করতাম। এখন আমি কম চিন্তা করার চেষ্টা করছি এবং যা করার এখন ব্যাটই করবে।'

এই ইনিংস খেলতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েন হেটমায়ার। মাত্র ১৯ বলে পঞ্চাশ স্পর্শ করেন তিনি। এর আগে গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ২২ বলে ফিফটি করে রেকর্ড গড়েছিলেন, সেটিও ছিল তারই দখলে।

বিশ্বকাপে এটি তার দ্বিতীয় ম্যাচসেরা পুরস্কার। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ম্যাচসেরা হলেন তিনি। আগেরবার স্কটল্যান্ডের বিপক্ষেও ম্যাচসেরা হয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার।

পাঁচ ম্যাচে ১৮৫.৫৯ স্ট্রাইক রেটে ২১৯ রান করে এখন চলতি আসরের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হেটমায়ার। যদিও এর আগে ইতালির বিপক্ষে মাত্র ১ রানে আউট হন তিনি। সেই হতাশা কাটিয়ে ৮৫ রানের ইনিংসটি তাই তার কাছে বিশেষ গুরুত্ব বহন করছে।

ম্যাচ শেষে তিনি বলেন, 'এই ইনিংস খুবই অর্থবহ। কারণ, সবশেষ ম্যাচে আমি বেশি রান করতে পারিনি। সবশেষ দুই মাসে যা করেছি, আমি কেবল এর পুনরাবৃত্তির চেষ্টা করছি।'

আরো পড়ুন: