‘পরিপূর্ণ’ পারফরম্যান্স চলতে থাকলে আরো ভালো করব: সালমান

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এমনিতে নামিবিয়ার বিপক্ষে ম্যাচটি ঘিরে বাড়তি উত্তেজনার কিছু ছিল না। তবে ভারতের বিপক্ষে বড় হারের পর চাপটা চেপে বসেছিল পাকিস্তানের ওপর। গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কাও উঁকি দিচ্ছিল। সেই প্রেক্ষাপটে ঘুরে দাঁড়িয়ে রেকর্ড ব্যবধানে জয় তুলে নিয়েছে তারা। অধিনায়ক সালমান আলী আঘা বলছেন, এই ম্যাচে পরিকল্পনামাফিকই সবকিছু করতে পেরেছে দল।

কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব মাঠে বুধবার নামিবিয়াকে ১০২ রানে হারায় পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি তাদের সবচেয়ে বড় ব্যবধানের জয়। ব্যাটিং-বোলিং—দুই বিভাগেই ছিল স্পষ্ট আধিপত্য।

ভারতের বিপক্ষে শূন্য রানে আউট হওয়া সাহিবজাদা ফারহান এবার জবাব দিলেন ব্যাট হাতে। ৫৮ বলে অপরাজিত ১০০ রান করেন তিনি। ২০১৪ আসরের পর প্রথমবার বিশ্বকাপে পাকিস্তানের কোনো ব্যাটসম্যান পেলেন শতরান। দল তোলে ১৯৯ রান, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

ম্যাচ শেষে সালমান বলেন, 'আমার মনে হয়, এটা পরিপূর্ণ একটি পারফরম্যান্স। পাওয়ার প্লেতে ভালো ব্যাট করেছি আমরা। মাঝের ওভারগুলোতেও জুটি গড়েছি, শেষটাও ভালোভাবে করেছি।'

বোলিংয়েও ছিল একই ধারাবাহিকতা। রান তাড়ায় নামিবিয়া গুটিয়ে যায় ৯৭ রানে। রহস্য স্পিনার উসমান তারিক ১৬ রানে নেন চার উইকেট, যা তার ছয় ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয়বার চার উইকেট শিকার। সমালোচনার মুখে থাকা শাদাব খান ২২ বলে অপরাজিত ৩৬ রান করার পর বল হাতেও নেন তিনটি উইকেট।

অধিনায়ক বলেন, 'বোলিংয়ের কথা বললে, আমরা ছিলাম ভয়ঙ্কর ও নির্মম। পেসার হোক বা স্পিনাররা, সবাই সঠিক জায়গায় বল রেখেছে।'

ফারহানের প্রশংসা করে সালমান বলেন, 'সাহিবজাদা অসাধারণ খেলেছে। গত ৬ মাস ধরে যেভাবে সে খেলছে আমাদের হয়ে, খুব ভালো ব্যাট করেছে এবং আজকেও দারুণ খেলেছে। ওর জন্য আমি খুব খুশি।'

গ্রুপ পর্ব পেরিয়ে এবার সুপার এইটের লড়াই। শনিবার কলম্বোতেই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের পরবর্তী পর্বের অভিযান। সামনে তাকিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক বলেন, 'আমার মনে হয়, আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলছি। যেভাবে আমরা খেলছি এই মুহূর্তে, যদি পরের ম্যাচে পুনরাবৃত্তি করতে পারি, তাহলে আমার ধারণা আমরা ভালো করব।'

আরো পড়ুন: