শ্রীলঙ্কান গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাথিরানার স্ক্যান রিপোর্টের অপেক্ষায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে প্রাথমিক ধারণা, তাকে অন্তত তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। সে ক্ষেত্রে বিশ্বকাপ থেকে তার ছিটকে যাওয়ার সম্ভাবনাই বেশি।
দলীয় সূত্রের বরাতে জানানো হয়েছে, 'স্ক্যান রিপোর্ট না আসা পর্যন্ত চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না, তবে চোটটি গুরুতর হলে অন্তত তিন সপ্তাহ বাইরে থাকতে হবে।'
বিকল্প হিসেবে স্কোয়াডে অন্তর্ভুক্তির জন্য বিনুরা ফার্নান্দো অথবা দিলশান মাদুশাঙ্কার নাম বিবেচনায় আছে। বুধবার আনুষ্ঠানিকভাবে বদলি চাওয়ার আবেদন করা হতে পারে, যা অনুমোদনের জন্য আইসিসির টেকনিক্যাল কমিটির সম্মতি প্রয়োজন হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিকল্প তালিকায় আরো আছেন নুয়ান থুসারা ও মিলান রত্নায়েকে। টিম ম্যানেজমেন্ট দ্রুত সিদ্ধান্ত নিতে চায়, কারণ গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে পেস আক্রমণে ভারসাম্য বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
পাথিরানার চোট শুধু শ্রীলঙ্কার জন্য নয়, আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের জন্যেও দুশ্চিন্তার। ১৮ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা। ইতোমধ্যে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়া হয়েছে।
এ ছাড়া হার্শিত রানা আইপিএলের একটি অংশ মিস করতে পারেন। ফলে পাথিরানার অনুপস্থিতি দলটির পরিকল্পনায় বাজে প্রভাব ফেলতে পারে।