ভারতের কাছে হারের ফলে নেট রানরেটে যুক্তরাষ্ট্রের পেছনে থেকে গ্রুপে তৃতীয় স্থানে আছে পাকিস্তান। শেষ ম্যাচে হারলে বিদায় নিতে হবে তাদের। একই দিনে আহমেদাবাদে ভারতকে বড় ব্যবধানে হারাতে পারলে নেদারল্যান্ডসেরও একটি সম্ভাবনা তৈরি হতে পারে, যদিও সেটি নির্ভর করছে একাধিক সমীকরণের ওপর।
দলের স্পিনার উসমান তারিক মনে করেন, ভুলগুলো শুধরে নিলেই ঘুরে দাঁড়ানো সম্ভব। তিনি বলেন, 'শেষ ম্যাচে করা ভুলগুলো নিয়ে কাজ না করলে দলকে উজ্জীবিত করা কঠিন। আমরা আমাদের ভুল নিয়ে কাজ করেছি, তাই মনে করি এটা কঠিন কিছু হবে না। একই ভুল আর করব না- এমন দৃঢ়তা আছে আমাদের।'
ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করতে পাঠানোর সিদ্ধান্ত এবং ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১১৪ রানে গুটিয়ে যাওয়ার জন্য সমালোচনার মুখে পড়ে পাকিস্তান। এ প্রসঙ্গে উসমান বলেন, 'পুরো দেশ ম্যাচটি দেখে, তাই সমর্থকদের হতাশা আমরা অনুভব করি। তাদের কষ্টটাও বুঝি। তবে আবার যখন ভারতের মুখোমুখি হব, আমরা আরও ভালো খেলব।'
ভারতের বিপক্ষে চার ওভারে এক উইকেট নিয়ে ২৪ রান দেওয়া উসমান নিজের পারফরম্যান্স নিয়েও খোলামেলা কথা বলেন, 'পাকিস্তান-ভারত ম্যাচ পুরো বিশ্ব দেখে। এটাকে নিজের নাম করার বড় সুযোগ হিসেবে দেখেছি। চেষ্টা করেছি, কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয় প্রত্যাশামতো করতে পারিনি। আবার সুযোগ পেলে আরও ভালো করব।'
ব্যাটিং তারকা বাবর আজম ও পেসার শাহীন শাহ আফ্রিদিকে বাদ দেয়ার গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন উসমান, 'বাবর ও শাহীন পাকিস্তানকে অনেক ম্যাচ জিতিয়েছে। একটি ম্যাচে ভালো না করলেই তাদের বাতিল করা উচিত নয়। একাদশ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।'