বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিতে আয়ারল্যান্ড কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই হতো জিম্বাবুয়ের। যদিও সেরা আটে উঠতে জয়ের প্রয়োজন হয়নি সিকান্দার রাজার দলের।
বৃষ্টির কারণে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের ম্যাচ ভেস্তে যাওয়ায় একটি করে পয়েন্ট পেয়েছে দুই দল। তিন ম্যাচ খেলা জিম্বাবুয়ের এখন ৫ পয়েন্ট।এখনো শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ বাকি আছে তাদের। বিপরীতে তিন ম্যাচ খেলা অস্ট্রেলিয়ার পয়েন্ট মাত্র ২।
শেষ ম্যাচে ওমানকে হারালে ৪ পয়েন্ট হবে অস্ট্রেলিয়ার। যার ফলে শ্রীলঙ্কা কিংবা জিম্বাবুয়েকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ নেই তাদের। এমন অবস্থায় শ্রীলঙ্কার সঙ্গে ‘বি’ গ্রুপ থেকে সুপার এইটে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে। ২০০৯ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো অস্ট্রেলিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপে 'বি' গ্রুপ থেকে জিম্বাবুয়ের আগে সুপার এইটে গেছে শ্রীলঙ্কা। এ ছাড়া এ গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। 'সি' গ্রুপ থেকে সুপার এইটে গেছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। ডি গ্রুপ থেকে পরের রাউন্ডে গেছে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড।