চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে দ্বিতীয় দল হিসেবে ছিটকে গেল নামিবিয়া। এর আগে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে নেপাল।এদিন চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৯৯ রান তোলে যুক্তরাষ্ট্র। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দারুণ ছন্দে ছিল নামিবিয়া।
ওপেনিং জুটিতে লরেন স্টিনকেম্প ও জেন ফ্রাইলিংক যোগ করেন ৫৪ রান। ফ্রাইলিংক আউট হন ১৫ বলে ১৯ রান করে। এরপর দ্বিতীয় উইকেটে স্টিনকেম্প ও নিকোল লফটিইটন মিলে যোগ করেন আরও ৪৫ রান। স্টিনকেম্প যখন ৫৮ রান করে ফিরে গেলেন তখন নামিবিয়ার সংগ্রহ ছিল ২ উইকেটে ৯৯ রান।
স্টিনকেম্প যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ ম্যাচে ভালোভাবেই টিকে ছিল নামিবিয়া। তবে ১৩তম ওভারে তার বিদায়ের পরই আর রান তাড়া করার মতো সুযোগ তৈরি করতে পারেনি। এরপরই শুরু হয় দলটির ব্যাটারদের আসা যাওয়া। জেজে স্মিথ ৩১ ও জেন গ্রিন করেন ১৮ রান। আর কেউ বড় রান তুলতে না পারলে নামিবিয়ার ইনিংস থামে ১৬৮ রানে।
যুক্তরাষ্ট্রের হয়ে শ্যাডলি ভ্যান শেলভিক নেন দুটি উইকেট। নামিবিয়ার বিপক্ষে ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন এই পেসার। ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই ৪ উইকেট পাওয়া শালকভিকের উইকেট এখন ১৩টি। যা এবারের বিশ্বকাপের সর্বোচ্চ।
এর আগে যুক্তরাষ্ট্র মোনাঙ্ক প্যাটেল সঞ্জয় কৃষ্ণমূর্তির জোড়া হাফ সেঞ্চুরিতে ভর করে প্রায় দুইশ রানের পুঁজি পায় যুক্তরাষ্ট্র। প্যাটেল ৫২ ও কৃষ্ণমুর্তি ৬৮ রান করেন। আর তাতেই বড় পুঁজি নিশ্চিত হয়ে যায় তাদের। নামিবিয়ার হয়ে দুটি করে উইকেট নেন উইলেম মাইবার্গ ও গেরহার্ড এরাসমাস।