টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৩৩ রান করে নেপাল। আকিল, ম্যাথু ফোর্ডদের অসাধারণ বোলিংয়ের সামনে এ দিন শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেপাল।
২৩ রানেই চার উইকেট হারায় দলটি। এক রান করা কুশল ভুরতেলকে বোল্ড করেন আকিল। এরপর পাঁচ রান করা রোহিত পাওডেলকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন ফোর্ড। তারপর নিজের দুই ওভারে আসিফ শেখ (১১) এবং আরিফ শেখকে (২) ফেরান জেসন হোল্ডার।
দলীয় ৪৬ রানে ফিরে যান লোকেশ বাম। শামার জোসেফের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান ১৩ রান করা এই ক্রিকেটার। তারপর ২৭ রানের জুটি গড়েন দিপেন্দ্র সিং আইরি এবং গুলশান ঝা।
১১ রান করা গুলশানকে বোল্ড করে এই জুটি ভাঙেন রস্টন চেজ। তারপর ৫৪ রানের জুটি গড়েন আইরি এবং সোম্পাল কামি। ৪৭ বলে ৫৮ রান করে আইরি ফিরে গেলেও সোম্পাল অপরাজিত থাকেন ১৫ বলে ২৬ রান করে। ২৭ রান খরচায় চার উইকেট নেন হোল্ডার।
লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লে'তে ওয়েস্ট ইন্ডিজ তোলে এক উইকেটে ৪৪ রান। পাওয়ার প্লে'র শেষ ওভারে ১৭ বলে ২২ রান করা ব্রেন্ডন কিংকে ফেরান নন্দন যাদব। তারপর বেশ দাপটের সঙ্গেই লক্ষ্য তাড়া করতে থাকে ওয়েস্ট ইন্ডিজ।
হোপ এবং হেটমায়ার ৯১ রানের অবিছিন্ন রানের জুটি গড়েন। ৪৪ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন হোপ। অধিনায়ককে সঙ্গ দেয়া হেটমায়ার করেন ৩২ বলে ৪৬ রান।