পাকিস্তানের সঙ্গে যোগাযোগ হয়নি ভারতের, অপেক্ষা আইসিসির সিদ্ধান্তের

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে রেখেছে পাকিস্তান। তাদের এমন সিদ্ধান্তের পরও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) মধ্যে কোনো প্রকার যোগাযোগ হয়নি। রাজীব শুক্লা জানিয়েছেন, আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা।

বাংলাদেশকে অন্যায়ভাবে বিশ্বকাপ বাদ দেওয়ার প্রতিবাদ হিসেবে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। দেশটির এমন সিদ্ধান্তের পর নড়েচড়ে বসেছে পুরো ক্রিকেট দুনিয়া। ১৫ ফেব্রুয়ারির ম্যাচটি মাঠে না গড়ালে প্রায় ৬ হাজার ১৫০ কোটি টাকার লোকসান হবে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রায় ২০০ কোটি রুপি আয়ের সুযোগও হারাবে। পাশাপাশি ক্ষতির মুখে পড়বে ক্রিকেটের সদস্যদেশগুলো।

এমন পরিস্থিতিতে পাকিস্তানকে রাজি করাতে ‘ব্যাক চ্যানেল’ আলোচনার জন্য ডেপুটি চেয়ারম্যান ইমরান খাওয়াজাকে দায়িত্ব দিয়েছে আইসিসি। যদিও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এ ছাড়া পাকিস্তান যাতে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এজন্য পিসিবিকে চিঠি দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। যদিও তাদের চিঠির অনুরোধ রাখতে পারেনি পাকিস্তান। কয়েক দিন আগে নেওয়া সিদ্ধান্তে এখনো অনড় তারা।

আইসিসি বিভিন্নভাবে পাকিস্তানকে রাজি করানোর চেষ্টা করলেও এখনো পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি ভারত ও পাকিস্তানের মধ্যে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজীব শুক্লা। পাকিস্তানের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বিসিসিআইয়ের সহ-সভাপতি বলেন, ‘না, আইসিসি এটা সামলাচ্ছে। আইসিসি আমাদের যা বলবে আমরা সেটাই করব।’

পাকিস্তান ও নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। ভারতের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে একই দিন সন্ধ্যা সাড়ে ৭ টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। ভারতের পাশাপাশি বিশ্বকাপের আয়োজক শ্রীলঙ্কা। রাজীব শুক্লার বিশ্বাস, বিশ্বকাপটা সফলভাবে শেষ হবে। সূর্যকুমার যাদব-জসপ্রিত বুমরাহরা বিশ্বকাপ জিতবে এমন আত্মবিশ্বাসের কথাও জানিয়েছেন বিসিসিআইয়ের সহ-সভাপতি।

রাজীব শুক্লা বলেন, ‘আগামীকাল (৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচ, আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। আমার মনে হয় বিশ্বকাপটা খুবই সফল হবে এবং ভারত অবশ্যই বিশ্বকাপ জিতবে। বিসিসিআই এবং শ্রীলঙ্কা যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে। আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী ভারতীয় দল জয় লাভ করবে।’

আরো পড়ুন: