কদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বোলিং করার সময় চোট পান মালিঙ্গা। ইনিংসের অষ্টম ওভারের প্রথম বল করতে গিয়ে ফলোথ্রুতে পড়ে বাঁ হাতের কাঁধে চোট পান ২৪ বছর বয়সি এই পেসার। ব্যথা পেয়ে তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়েন তিনি। ম্যাচের বাকি অংশে আর বোলিং করতে পারেননি।
কাঁধের হাড় নড়ে যাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে গিয়েছিলেন মালিঙ্গা। চূড়ান্ত স্কোয়াডে থাকলেও বিশ্বকাপ খেলতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত চোটের কাছে হেরে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন তিনি। মালিঙ্গার বদলি হিসেবে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন মাদুশান।
ইংল্যান্ড সিরিজ দিয়ে লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফেরেন মাদুশান। শ্রীলঙ্কার হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৩ সালের এপ্রিলে। প্রায় তিন বছর জাতীয় দলে ফিরলেও ম্যাচ খেলা হয়নি তাঁর। তবে মালিঙ্গার চোটে কপাল খুলছে লঙ্কান পেসারের। বিশ্বকাপে ম্যাচও খেলার সুযোগ মিলতে পারে তাঁর।
শ্রীলঙ্কার মতো বিশ্বকাপ দলে পরিবর্তন এসেছে ভারতেরও। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সময় হাঁটুতে চোট পান হার্শিত রানা। সেই চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ডানহাতি এই পেসার। হার্শিতের জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ সিরাজ। ভারতের হয়ে ১৬ টি-টোয়েন্টি খেলা ডানহাতি পেসার সবশেষটা খেলেছেন ২০২৪ সালের জুলাইয়ে।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড— দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশানকা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পবন রত্নায়েকে, দুনিথ ওয়ালালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা, প্রমোদ মাদুশান।