সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বুচার। সেখানেই এসেছে বাংলাদেশের প্রসঙ্গ। বুচার এক্ষেত্রে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির কথা তুলে ধরেছেন। সেবার পাকিস্তানে খেলতে যায়নি ভারত। এ কারণে বাকি দলগুলোকে ভারতের বিপক্ষে খেলতে দুবাইতে উড়ে যেতে হয়েছিল।
এ প্রসঙ্গে বুচার বলেন, 'পাকিস্তান এবার একটা মোক্ষম চাল চেলেছে। তারা উল্টো বলেছে, ঠিক আছে, আমরা টুর্নামেন্টে থাকতে চাই। তবে বাংলাদেশের সাথে আপনারা যা করেছেন, তার প্রতিবাদে আমরা ভারতের বিপক্ষে খেলব না। কারণ, আপনারা আমাদের চ্যাম্পিয়ন্স লিগ (যা পাকিস্তানে হওয়ার কথা ছিল) দুবাইয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আপনারা সেই সৌজন্য দেখাননি। তাই আমাদের মুসলিম ভাইদের সাথে সংহতি জানিয়ে আমরা ভারতের বিপক্ষে খেলব না।'
আইসিসি বরাবরই বিশ্বকাপে পাকিস্তান ও ভারতকে একই গ্রুপে রাখে। এর পেছনে কোনো কাকতালীয় ব্যাপার নেই বলেই মনে করেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার। এর পেছনে বড় অঙ্কের টাকার খেলা আছে সেটা সবাইকে মনে করিয়ে দিয়েছেন তিনি। এটাকে অদ্ভুত পরিস্থিতি বলেও আখ্যা দিয়েছেন বুচার।
তিনি বলেন, 'আইসিসিকে নিশ্চিত করতে হয় যেন ভারত আর পাকিস্তান সবসময় একই গ্রুপে থাকে এবং তারা প্রতিবারই তাই করে। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়; ওপর মহল থেকে এটা নিয়মমাফিক করা হয়। এটা একটা অদ্ভুত পরিস্থিতি, তাই না? অন্য দলগুলোকে কোয়ালিফাই করতে হয়, ড্রয়ের মাধ্যমে গ্রুপে ভাগ করা হয়, কিন্তু এই দুটি দলের ক্ষেত্রে সবটাই টাকার খেলা। এই দুটি দল সব সময় একই গ্রুপে থাকে।'
ভারত পাকিস্তানের সঙ্গে ছোটো ভাইয়ের মতো আচরণ করছে বলে দাবি বুচারের। তার মতে ভারতের ইচ্ছেতে যখন তখন ভেন্যু বদলের আবদার বাকি দলগুলোকেও চাপের মধ্যে ফেলে। বাকি দলগুলোকে বাধ্য হয়ে ভারতের সেসব আবদার মেনে নিতে হয় বলে দাবি বুচারের।
তিনি যোগ করেন, 'বর্তমানে পাকিস্তান এমন এক পরিস্থিতিতে আছে যেখানে তারা ভারতের 'ছোট ভাইয়ের' মতো। ভারত যা চায় তাই পায়, কারণ তারা ক্রিকেট বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং ধনী দেশ। আর তাই, পাকিস্তানকে মূলত অনেক কিছু মুখ বুজে সহ্য করতে হয়। যখন পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা ছিল, তখন অনেক আগে থেকেই বোঝা যাচ্ছিল যে ভারত পাকিস্তানে গিয়ে খেলবে না। ফলে সবকিছু নতুন করে সাজানো হলো।'
'এখানেই আমার সবচেয়ে বড় আপত্তি: যখন এমন কিছু ঘটে, তখন টুর্নামেন্টের বাকি সব দলের ওপর এর প্রভাব পড়ে। হঠাৎ করেই তাদের পুরো পরিকল্পনা বদলে যায়; ভারতকে খুশি করতে তাদের অন্য দেশে উড়ে যেতে হয় যেখানে ভারত খেলতে চায়, এবং বাকি সবাইকে সেই অনুযায়ী মানিয়ে নিতে হয়।'
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পরিক্রমাতেই বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছে। এটাকে আইসিসি ও ভারতের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখছেন বুচার। এই প্রেক্ষাপটে তিনি বলেন, 'ভারতের জন্য এটা একটা বড় ধাক্কা। আর আইসিসির জন্য এটা এক মহাবিপর্যয়, কারণ ভারত-পাকিস্তান ম্যাচের আর্থিক মূল্য অনেক বেশি। পাকিস্তানের হাতে সম্ভবত এটাই একমাত্র বড় 'লিভার' বা অস্ত্র ছিল।'