ভারতের বিরুদ্ধে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে দেশটিতে যাত্রা করতে বাংলাদেশ অস্বীকার করলে আইসিসি তাদের টুর্নামেন্ট থেকে সরিয়ে দেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেয়ার অনুরোধ করেছিল।
তবে আইসিসি জানিয়েছিল, টুর্নামেন্টের সূচিতে কোনো পরিবর্তন হবে না। এরপর বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বাদ পড়ে এবং পাকিস্তান অংশ নিলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।
এই প্রসঙ্গে মঈন বলেন, '(বাংলাদেশের বিশ্বকাপে না খেলার) বিষয়টি দুঃখের। আমার মনে হয় বাংলাদেশ এই বিশ্বকাপে ভালোই করতো। তারা উপযুক্ত দল ছিল।'
সাম্প্রতিক সময়ে ক্রিকেটের সঙ্গে রাজনীতি জড়িয়ে গেছে ওতপ্রোতভাবে। বিষয়টি চোখে লেগেছে মঈনেরও। দ্রুতই এসব বিষয়ের সমাধান চেয়েছেন তিনি।
মঈন আরো বলেন, 'রাজনৈতিক ব্যাপারগুলো অনেক দিন ধরেই ঘটছে। আশা করি সামনে এসবের সমাধান আসবে এবং আশা দরকারও। কারণ আপনি সেরা দলগুলোকে বিশ্বকাপে খেলাতে চাইবেন।'
'ফলে কোনো দল বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে এমনটা দেখাটা দুঃখজনক ব্যাপার। অনেক দেশে এগুলো অনেক বড় ব্যাপার। এসব থেকে অনেক বড় ঘটনাও ঘটে যেতে পারে। আশা করি সামনে ২-৩ বছরের মধ্যে এসবের সমাধান বের হবে। বিষয়টি দুঃখের, তবে এখন আর কিছু করার নেই।'