ভারত-পাকিস্তান ম্যাচ হবে, শতভাগ নিশ্চিত অশ্বিন

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিশ্বকাপ খেললেও ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাদের এমন সিদ্ধান্তের জেরে বড়সড় ক্ষতির মুখে আইসিসি, ব্রডকাস্টার, বিজ্ঞাপন সংস্থা কিংবা সদস্য দেশগুলোও। পাকিস্তান সরকারের পক্ষ থেকে না খেলার নির্দেশ দেওয়া হলেও রবিচন্দ্রন অশ্বিনের বিশ্বাস, নিজেদের সিদ্ধান্ত বদলে ভারত ম্যাচ খেলবেন বাবর আজমরা। আইসিসির অন্যান্য সদস্য দেশের চাপের মুখে পাকিস্তান খেলতে রাজি হবে বলে ধারণা তাঁর।

রাজনৈতিক বৈরিতার জন্য এক যুগের বেশি সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। বর্তমান সময়ে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের মাঠের লড়াই দেখার জন্য অপেক্ষা করতে হয় আইসিসির টুর্নামেন্ট কিংবা এশিয়া কাপের দিকে। ক্রিকেট জগতে অন্যতম জনপ্রিয় ম্যাচ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে ভারত-পাকিস্তানের লড়াইকে। সেটা হোক মাঠের ক্রিকেট কিংবা ব্যবসায়িক দিক থেকে।

স্বাভাবিকভাবেই দুই দেশের খেলা দেখতে মুখিয়ে থাকে পুরো ক্রিকেট দুনিয়া। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তানের। সাধারণ সমর্থকদের মতো অশ্বিনও সেই ম্যাচ দেখতে মুখিয়ে ছিলেন। তবে পাকিস্তান ম্যাচটি বয়কট করার ক্রীড়াপ্রেমী মানুষরা হতাশ। যদিও ভারতের সাবেক স্পিনারের বিশ্বাস, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে পাকিস্তান।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘ম্যাচটা (ভারত-পাকিস্তান) শতভাগই হবে। আমার মনে হয়, আগামী চার-পাঁচ দিনের মধ্যে পাকিস্তান (নিজেদের সিদ্ধান্ত থেকে) পিছু হটবে। আমিও এই ম্যাচটা দেখতে চাই।’

পাকিস্তান যদি শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলে তাহলে বড় অঙ্কের লোকসান হবে। ২০০ কোটি রুপি আয়ের সুযোগ হারাতে পারে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি ব্রডকাস্টার, বিজ্ঞাপন প্রতিষ্ঠান কিংবা অন্যান্য ব্যবসা মিলে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ১২০ কোটি ক্ষতি হতে পারে। যার প্রভাব পড়বে আইসিসির রাজস্ব বণ্টনে। এমন অবস্থায় সব সদস্য দেশেরই লোকসান হবে।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ভারতের সঙ্গে ম্যাচ না খেললে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে পাকিস্তান। অশ্বিন মনে করেন, সবার ক্ষতির কারণেই একটা সমঝোতা হবে। ভারতের সাবেক অধিনায়কের ধারণা, বাকি সদস্য দেশগুলো আইসিসির সভায় পাকিস্তানকে চাপে ফেলা হতে পারে এবং পিএসএলে খেলোয়াড়দের এনওসি না দেওয়ার হুমকিও দেওয়া হতে পারে।

অশ্বিন বলেন, ‘তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। সম্প্রচারকদের অনেক অর্থের ক্ষতি হবে, তাই সমঝোতা হতেই হবে। (আইসিসির) সব সদস্যরা ক্ষতিগ্রস্ত হবে এবং তারা আইসিসির সভায় বলবে যে, পাকিস্তানের কারণে আমরা এই ক্ষতির সম্মুখীন হচ্ছি। পিএসএলে খেলোয়াড়দের এনওসি নাও দেওয়া হতে পারে।’

আরো পড়ুন: