ভারতে পিএসএলের সম্প্রচার স্বত্ব বিক্রি করবে না পাকিস্তান

পিএসএল
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সবশেষ মৌসুম পর্যন্ত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচগুলো ভারতে সম্প্রচার করেছে সনি স্পোর্টস নেটওয়ার্ক ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড। তবে দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে ভারতে পিএসএলের আগামী আসরের সম্প্রচার স্বত্ব বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো।

ক্রিকেটীয় মান, সম্প্রচারের মান এবং পেশাদারিত্বের কারণে সবশেষ কয়েক বছরে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে পিএসএল। পাকিস্তানের পাশাপাশি বিভিন্ন দেশেই ফ্র্যাঞ্চাইজি লিগটি সম্প্রচার করা হতে থাকে। টুর্নামেন্টের গত মৌসুমে পাকিস্তানে খেলা দেখানোর দায়িত্ব পেয়েছিল এ স্পোর্টস ও পিটিভি স্পোর্টস। স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ওয়ালি টেকনোলিজ, ট্যাপম্যাড, তামাশা, ডারাজ, বেগিন এবং মাইকো।

বাংলাদেশে পিএসএল দেখিয়েছে টি স্পোর্টস। এ ছাড়া ভারতে পিএসএলের ম্যাচ সম্প্রচারের দায়িত্ব পায় ফ্যানকোড ও সনি স্পোর্টস নেটওয়ার্ক। পেহেলগামের ঘটনার পর গত মৌসুমের মাঝ পথে পিএসএল সম্প্রচার বন্ধ করে দেয় ভারতীয় প্রতিষ্ঠান দুইটি। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমগুলো থেকে পিএসএলের পুরনো ভিডিওগুলোও মুছে ফেলে ফ্যানকোড।

এ ছাড়া ভারতের টাইমস গ্রুপের মালিকানাধীন ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজও সূচি, স্কোরকার্ড, ধারাবিবরণী থেকে শুরু করে ২০২৫ পিসিএলসংক্রান্ত যাবতীয় তথ্য সরিয়ে নেয়। টুর্নামেন্টের বাকি অংশে পিএসএল নিয়ে কোনো ধরনের আপডেট দেয়নি তারা। নতুন মৌসুমের আগে ভারতে সম্প্রচার স্বত্ব বিক্রি না করারই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। যার ফলে এখন থেকে ভারতে পিএসএল দেখার সুযোগ থাকছে না।

নতুন করে ঘটনার সূত্রপাত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। নিরাপত্তা শঙ্কায় ভারতে যেতে রাজি না হওয়ায় বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দিয়েছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এমন আচরণ নিয়ে প্রশ্ন তোলেন মহসিন নাকভি। পাশাপাশি আইসিসির দ্বিচারিতার প্রতিবাদ জানিয়ে বিশ্বকাপে গেলেও ভারত ম্যাচ বর্জনের নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। ম্যাচ বয়কটের পর পিএসএল নিয়েও ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে তারা।

মাসখানেক আগে ভারতের মানুষের তোপের মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় বিসিসিআই। তারকা পেসারকে আইপিএল থেকে বাদ দেয়ার পর বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশের সরকার। যার ফলে আগামী আসরের আইপিএল দেখা যাবে না বাংলাদেশে।

আরো পড়ুন: