বোলারদের গতি কমে যাওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে দায়ী করছেন লি

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট
ব্রেট লি
ব্রেট লি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ঘণ্টার ১৫০ কিলোমিটার গতির বোলারের সংখ্যা এখন নিতান্তই হাতে গোনা। অনেক ক্রিকেটারই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার কারণে ক্যারিয়ার দীর্ঘ করতে নিজেদের গতির রাশ টেনেছেন। তবে অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লির চাওয়া তরুণ পেসাররা এখন ১৬০ কিলোমিটার গতি ছোঁয়ার চেষ্টা করুক।

বিশ্ব ক্রিকেটে সব সময়ই ১৫০ এর বেশি গতিতে বল করা বোলাররের কদর অনেক বেশি। লি'র ধারণা ক্রিকেটাররা আর্থিক সুবিধা নিশ্চিত করতে গিয়ে তারা আর গতির চিন্তা করে রোমাঞ্চিত হন না। বেশি গতিতে বল না করতে চাওয়ার কারণে পেসারদের শারীরিক ধকলও কমে গেছে বলে দাবি সাবেক এই অজি পেসারের।

সম্প্রতি লি হাজির হয়েছিলেন উইজডেনের ‘স্কুপ এক্সটেন্ডেড’ অনুষ্ঠানে। সেখানে তিনি বলেছেন, ‘আমি দেখতে চাই, বোলাররা ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতির বাধা পেরোনোর চ্যালেঞ্জ নিচ্ছে। কিন্তু তেমনটা দেখছি না। আমি চাই, তরুণ ফাস্ট বোলাররা ছুটে এসে আগুনে গতিতে বল করুক।’

বিশ্বের অন্যতম গতিময় পেসার ধরা হতো লিকে। তিনি ২০০৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬০.৮ কিলোমিটার গতিতে বল করে আলোড়ন তুলেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার চেয়ে বেশি গতিতে বল করার রেকর্ড আছে শুধু পাকিস্তানের শোয়েব আখতারের। এই পেসার ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করেছিলেন।

বোলারদের গতি কমে যাওয়ার পেছনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে দায়ী করে লি কিছু প্রশ্ন রেখেছেন। তিনি বলেন, ‘বোলাররা কি এখন দীর্ঘমেয়াদি ক্যারিয়ার কিংবা ক্যারিয়ারের স্থায়িত্ব নিয়ে বেশি ভাবছে? তারা কি ভাবছে, বিশ্বের সাত-আটটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলার সুযোগ পেতে পারে, ভালো পারিশ্রমিকও পেতে পারে এবং এভাবে ১৫-২০ বছর, এমনকি ১০ বছর খেলেই বাকি জীবনের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে?’

নিজের উদ্বেগ খোলাসা করে লি যোগ করেন, ‘সেটা করতে হলে আপনাকে ক্রিকেট মাঠে টিকে থাকতে হবে। আর মাঠে টিকে থাকার জন্য হয়তো ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করার চ্যালেঞ্জ তাদের আর রোমাঞ্চিত করে না। তারা হয়তো ঘণ্টায় ১৩৫ থেকে ১৪০ কিলোমিটার গতির মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখছে। এতে শরীরের ওপর চাপও কম পড়ে। আমার কাছে বিষয়টি উদ্বেগের, কারণ আমি বোলারদের ছুটে এসে দ্রুতগতিতে বল করতে দেখতে চাই।’

আরো পড়ুন: