২০২৩ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছিল ভারতের কোচিতে। পরের তিনটি মৌসুমের নিলাম হয়েছে দুবাই, জেদ্দা ও আবুধাবিতে। তবে তিন বছর পর আবারও ভারতে ফেরানো হয়েছে আইপিএল নিলাম। মূলত ফ্র্যাঞ্চাইজিদের চাওয়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সবকিছু ঠিক থাকলে ১৬ ডিসেম্বর গোয়ায় হতে পারে মিনি নিলাম। ফ্র্যাঞ্চাইজিদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন বার্তা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) লজিস্টিকস দল। তবে এখনো ফ্র্যাঞ্চাইজির মালিক কিংবা প্রধান নির্বাহীদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো মেইল পাঠানো হয়নি।
হোয়াটসঅ্যাপ গ্রুপে লজিস্টিকস দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘২০২৬ সালের ১৬ ডিসেম্বর গোয়ার আইটিসি গ্র্যান্ডে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।’ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বিষয়টি ক্রিকবাজকে নিশ্চিত করেছে। মূলত ভ্রমণ সম্পর্কিত কোনো ধরনের ঝামেলায় যাতে না পড়তে হয় এজন্য আগেভাগে জানিয়ে দিয়েছে তারা।
পরবর্তীতে ভেন্যু ও তারিখ পরিবর্তন হবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। ক্রিকবাজ জানিয়েছে, দ্রুতই ফ্র্যাঞ্চাইজির মালিক ও প্রধান নির্বাহীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করবে বিসিসিআই। মজার ব্যাপার হচ্ছে, একই দিন বেঙ্গালুরুতে শ্রী লঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলবে ভারত।
এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়নি। তবে গত জুনে দেবজিৎ সাইকিয়া নিশ্চিত করেছিলেন, প্রতিকূল আবহাওয়ায় যেন টুর্নামেন্টে কোনো সমস্যা না হয় সেই ভাবনায় আইপিএলের সূচি এগিয়ে আনার কথা ভাবছে বিসিসিআই। যা হতে পারে ১০ মার্চ থেকে ১৫মের মধ্যে।