এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন জ্যোতি। নিজের খেলায় আরও মনোযোগ দিতেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি। এরপর থেকেই নতুন অধিনায়ক হিসেবে নাহিদার নাম আলোচনায় ছিল। শেষ পর্যন্ত তার হাতেই টি-টোয়েন্টি দলের দায়িত্ব তুলে দেয় বিসিবি।
নতুন অধিনায়ক নির্বাচনের বিষয়ে বিসিবির নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবু ক্রিকবাজকে বলেন, 'আমরা নির্বাচক প্যানেলের সদস্যদের সঙ্গে অন্যদেরও নিয়ে বসেছিলাম। এরপর নাহিদাকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। সোবহানা মোস্তারি তার সহকারী হবে।'
দীর্ঘদিন সহ-অধিনায়কের দায়িত্ব পালনের অভিজ্ঞতাই নাহিদাকে নেতৃত্বে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন বাবু। তার ভাষায়, 'নাহিদা বেশ দীর্ঘ সময় ধরে সহ-অধিনায়ক হিসেবে আছে। এখন আমরা মনে করছি, টি-টোয়েন্টি দলের দায়িত্ব তার হাতে তুলে দেওয়ার উপযুক্ত সময় এসেছে।'
২০২২ সালে জ্যোতি টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার পর থেকেই সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন নাহিদা। অন্যদিকে টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে দলে অধিনায়ক হিসেবে থাকছেন জ্যোতি। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
জ্যোতির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তে বিসিবি বিস্মিত হয়েছিল বলে জানা গেছে। তবে সাম্প্রতিক সময়ে বোর্ডের কাছ থেকে যথাযথ মূল্যায়ন না পাওয়ায় উইকেটরক্ষক ব্যাটার জ্যোতি হতাশ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি বোর্ড।
নতুন অধিনায়ক নাহিদার সামনে এবার নেতৃত্বের দায়িত্ব সামলে দলকে এগিয়ে নেয়ার চ্যালেঞ্জ। বাংলাদেশের পরবর্তী বৈশ্বিক প্রতিযোগিতা আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফি, যা অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। আগামী ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতায় অভিযান শুরু করবে বাংলাদেশ।