প্রথম ম্যাচে সেন্ট লুসিয়া কিংসকে ১১৯ রানে গুটিয়ে দেওয়ার পথে মিরাজ নিয়েছিলেন ৩ উইকেট। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স সেই ম্যাচ জিতেছিল চার উইকেটে। ত্রিনবাগোর বিপক্ষে আরও ভয়ংকর হয়ে উঠলেন মিরাজ। ইনিংসের পঞ্চম ওভারে পরপর দুই বলে কলিন মুনরো ও নিকোলাস পুরানকে ফিরিয়ে দেন তিনি। পরে নিজের তৃতীয় স্পেলে জাইড গুলি এবং পঞ্চম স্পেলে সুনীল নারাইনকে সাজঘরে পাঠান। ৪ ওভারে ২৩ রান দিয়ে চার উইকেট।এমন পারফরম্যান্সে ত্রিনবাগোর ব্যাটিং লাইনআপ কার্যত ভেঙে পড়ে।
মাত্র দ্বিতীয় ম্যাচে এসেই ম্যাচসেরা নির্বাচিত হতে পেরে নিজের উচ্ছ্বাসের কথা জানান বাংলাদেশ অলরাউন্ডার। মিরাজকে দলে পেয়ে উচ্ছ্বসিত গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স অধিনায়ক ইমরান তাহিরও। গায়নার অন্যতম ভরসা মোহাম্মাদ নবির বদলি হিসেবে মিরাজকে দলে ভিরিয়েছিল গায়ানা। মিরাজ সেই জায়গা দারুণভাবে পূরণ করায় স্বস্তিতে আছে পুরো দলই।
ম্যাচসেরা নির্বাচিত হবার পর নিজের পারফরম্যান্স নিয়ে মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য দারুণ এক মুহূর্ত। প্রথমবারের মতো সিপিএলে খেলছি এবং ম্যাচসেরার পুরস্কার পেয়েছি। তাই আজ মাঠে অনেক উপভোগ করেছি। আমি শুধু চেষ্টা করেছি সঠিক জায়গায় বল করতে এবং উইকেট নেওয়ার সুযোগ খুঁজতে। জানতাম, উইকেট কিছুটা ঘুরছিল এবং স্পিনারদের জন্য সহায়তা ছিল। তাই স্টাম্প লক্ষ্য করে বল করার দিকে মনোযোগ দিয়েছি, আর সেখান থেকেই সুযোগ এসেছে।-’
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে যোগ দেওয়ার অভিজ্ঞতা নিয়েও সন্তুষ্ট মিরাজ। মিরাজ বলেন, 'দারুণ অভিজ্ঞতা হচ্ছে। অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে এটাই আমার প্রথমবার, তবে তারা আমাকে খুব ভালোভাবে দেখভাল করেছে। বিশেষ করে ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই, তারা যেভাবে আমার যত্ন নিয়েছে, সেটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ।’
তবে এখানেই থেমে থাকতে চান না মিরাজ। সামনে প্লে-অফে আরও বড় ভূমিকা রাখার প্রত্যাশা তার । মিরাজ বলেন, ‘বার্বাডোসের বিপক্ষে আমাদের আরেকটি ম্যাচ বাকি আছে। ম্যাচটি চ্যালেঞ্জিং হবে, তবে আমরা জয় পেতে চাই। প্লে-অফের কথা যদি বলি, আমরা যদি নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই ফাইনাল পর্যন্ত যেতে পারি। আশা করি, পরের ম্যাচেও আমরা জয় পাব।’
নবির অনুপস্থিতিতে মিরাজের ওপর বাড়তি দায়িত্ব থাকলেও, সেই চাপ সামলে দারুণভাবে পারফর্ম করছেন এই অলরাউন্ডার। ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখায় মিরাজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন গায়ানার অধিনায়ক তাহির। মিরাজের পারফরম্যান্স নিয়ে ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
মিরাজকে নিয়ে নিজের প্রতিক্রিয়ায় তাহির বলেন, ‘আমরা নবীকে অবশ্যই মিস করি, দলের জন্য সে দারুণ গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় ছিল। তবে মেহেদীও সত্যিই, সত্যিই ভালো করছে। অস্ট্রেলিয়া সফরে সে দুর্দান্ত খেলেছে, যেটা আমরা খুব কাছ থেকে দেখেছি। আন্তর্জাতিক মঞ্চেও সে দীর্ঘদিন ধরে ভালো পারফর্ম করে আসছে। সে যেভাবে দলে এসে বোলিং করেছে, তাতে আমি সত্যিই তার জন্য খুশি। আমাদের জন্য গুরুত্বপূর্ণ সময়ে সে যেভাবে উইকেটগুলো তুলে নিয়েছে, সেটা দেখাটা অসাধারণ ছিল।'