গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসে প্রথম উইকেট পান মিরাজ। নিজের তৃতীয় ওভারে আরও দুটি উইকেট নিয়ে পূর্ণ করেন তিন শিকার। উইকেটটি কিছুটা স্পিন সহায়ক থাকায় সঠিক জায়গায় বল করাকেই সাফল্যের মূলমন্ত্র হিসেবে দেখছেন তিনি।
ইনিংসের মাঝে বিরতির সময় মিরাজ বলেন, 'আমার মনে হয়, এটি আমাদের জন্য দারুণ একটি শুরু এবং চমৎকার মুহূর্ত। উইকেট দেখে মনে হচ্ছিল, কিছুটা স্পিন সহায়তা পাওয়া যেতে পারে। আমি শুধু মাথায় রেখেছি, বোলিং করার জন্য এটি ভালো উইকেট। সঠিক জায়গায় বল ফেলতে পারলে ব্যাটারদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে।'
উইকেটের আচরণ বুঝে বলের গতি নিয়েও পরিকল্পনা করেছিলেন মিরাজ। তাঁর মতে, এই উইকেটে ঘণ্টায় ৮৫ থেকে ৯০ কিলোমিটার গতিতে বল করা কার্যকর ছিল। সেই পরিকল্পনা অনুযায়ীই বোলিং করে সাফল্য পেয়েছেন তিনি।
'আমার মতে, এই উইকেটে ঘণ্টায় ৮৫ থেকে ৯০ কিলোমিটার গতি বেশ কার্যকর। আমি সেই গতিতেই বল করার চেষ্টা করছি। দর্শকরাও দারুণ, তারা এসে ওয়ারিয়র্সকে সমর্থন দিচ্ছে। বিষয়টি সত্যিই উপভোগ্য।'
মিরাজের সঙ্গে বল হাতে আলো ছড়িয়েছেন গায়ানার অধিনায়ক ইমরান তাহির। চার ওভারে ১৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন ৪৭ বছর বয়সী এই লেগ স্পিনার। তাহিরের সঙ্গে প্রথমবার খেলতে পেরে নিজের আনন্দের কথাও জানিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
'৪৭ বছর বয়সেও তাহির যেভাবে খেলছেন, ফিট আছেন এবং দুর্দান্ত পারফর্ম করছেন, তা সত্যিই অসাধারণ। তিনি পাঁচটি উইকেট নিয়েছেন, যা ছিল চমৎকার। তাঁর সঙ্গে প্রথমবার খেলাটা আমার জন্য দারুণ একটি সুযোগ এবং বিশেষ মুহূর্ত। আমি সত্যিই খুব আনন্দিত।'
মিরাজের অভিষেক ম্যাচে তার তিন উইকেটের পাশাপাশি তাহিরের ৫ উইকেটে ১১৯ রানে গুটিয়ে যায় সেন্ট লুসিয়া। পরে ১৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য পেরিয়ে যায় গায়ানা। ব্যাট হাতে মিরাজ অবশ্য ১ রান করে আউট হন, তবে বল হাতে প্রথম ম্যাচেই নিজের সামর্থ্যের জানান দেন তিনি।