ব্যাট হাতে প্রতিরোধ গড়েও কেন্টকে জেতাতে পারলেন না হাসান

কাউন্টি ক্রিকেট
হাসান মাহমুদ, ফাইল ফটো
হাসান মাহমুদ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
শেষ বিকেলে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে নেমেও পারলেন না হাসান মাহমুদ। ডার্বিশায়ারের বিপক্ষে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে ১৮১ রানে হারে কেন্ট। দলের ব্যাটিং বিপর্যয়ের পর নিচের দিকে নেমে হাসান প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি তার দল।

৪৩৪ রানের কঠিন লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বিপদে পড়ে কেন্ট। মাত্র ৩৮ রানেই পাঁচ ব্যাটারকে হারানোর পর জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়। তখন ম্যাচটি ড্র করাই হয়ে ওঠে তাদের প্রধান লক্ষ্য। সেই চেষ্টায় দিনের শেষ ভাগ পর্যন্ত লড়াই চালিয়ে যান হাসান।

১০ নম্বরে নেমে দীর্ঘ সময় উইকেট আগলে রাখেন বাংলাদেশের এই পেসার। তার সঙ্গী ছিলেন বার্টি ফোরম্যান। দুজন মিলে ১০৫ বল মোকাবিলা করে ৩৩ রান যোগ করেন। এই জুটি কেন্টকে ম্যাচে টিকে থাকার কিছুটা সুযোগ তৈরি করে দেয়।

তবে দিনের শেষের চাপ সামলাতে পারেনি কেন্ট। দলীয় সংগ্রহ ২৫১ রানে পৌঁছানোর পর ফোরম্যান এলবিডব্লিউ হয়ে ফেরেন। তখনও দিনের খেলা শেষ হতে বাকি ছিল ২৭ বল। এরপর হাসানের সঙ্গে ক্রিজে যোগ দেন খালেদ আহমেদ।

খালেদকে নিয়ে বাকি বলগুলো পার করে দিতে পারলে ম্যাচটি ড্র করার সম্ভাবনা উজ্জ্বল হতো। কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি। দিনের সমাপ্তির মাত্র ১৫ বল আগে ব্রেট রানডেলের বাউন্সারে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হাসান। ৪৮ বলে ৯ রান করে থামে তার লড়াই।

যদিও ব্যাট হাতে হাসানের আউটই কেন্টের হারের কারণ নয়। ম্যাচজুড়ে বল হাতে বাংলাদেশের পেসার ছিলেন দলের অন্যতম সফল খেলোয়াড়। দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়েছেন তিনি। ব্যাটিংয়ে ৪৮ বল খেলে প্রতিরোধ গড়াটাও ছিল দলের জন্য বাড়তি অবদান।

এই হারে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ হারাল কেন্ট। দুই ম্যাচ হাতে রেখে ১৭৩ পয়েন্ট নিয়ে তারা আছে তৃতীয় স্থানে। শীর্ষে ডারহাম ২৩০ পয়েন্ট নিয়ে, আর দ্বিতীয় নর্থহ্যাম্পটনশায়ারের সংগ্রহ ১৭৫। চার ম্যাচে কেন্টের হয়ে হাসানের শিকার এখন ২৬ উইকেট। আগামী ১৫ সেপ্টেম্বর ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে মাঠে নামবে কেন্ট।

আরো পড়ুন: