বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মিনহাজুল আবেদীন নান্নু আশাবাদী সামনে টানা ওয়ানডে সিরিজ আছে বেশ কিছু। সেখান থেকেই সেরা দলটি বেছে নেবেন নির্বাচক ও কোচরা। তার চাওয়া কোনো ক্রিকেটারের নামের পেছনে না ছুটে পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দেয়া উচিত।
বিশেষ করে আগামী ১০ ইনিংসে কারা কেমন পারফর্ম করতে পারছেন সেটাই হিসেবে নেয়া উচিত। তা ছাড়া কোন কোন ক্রিকেটার দীর্ঘমেয়াদে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারবেন সেই বিষয়টিকেও সমান গুরুত্ব দেয়া উচিত।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু বলেন, 'পর পর যে সিরিজগুলো আছে, অনেকগুলো ওয়ানডে ম্যাচ আছে। এখান থেকে সম্ভাব্য সেরা দলটি বেছে নিতে হবে। নামের দিকে না গিয়ে ১০টি ইনিংসের পারফরম্যান্স দেখতে হবে কে কেমন করছে। এরপর সেরা সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড প্রস্তুত করাটা জরুরি। পারফরম্যান্সটাই সবার আগে দেখতে হবে, এরপর আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে কতটা মানিয়ে নিতে পারছে, সেটাও গুরুত্বপূর্ণ।'
২০২৩ সালে হুট করেই জাতীয় দলে নিয়ে আসা হয়েছিল অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার তানজিদ হাসান তামিমকে। ৩ বছরের মাথায় তানজিদ এখন তিন ফরম্যাটেই বাংলাদেশের অন্যতম ভরসার নাম। নান্নু মনে করেন দলের কথা চিন্তা করেন এমন ঝুঁকি নিতেই হবে।
তিনি যোগ করেন, 'সেই জায়গায় নির্বাচক-কোচরা প্রতিভা খুঁজে বের করতে হবে। আগামী ৪-৫ বছরের চিন্তাভাবনা করে খেলাতে হবে। ২০২৩ সালে আমরা যখন তানজিদ হাসান তামিমকে নিয়ে চিন্তা করেছিলাম, তখন মিডিয়ায় অনেক সমালোচনা হয়েছিল। কিন্তু সেই তানজিদ তামিম আজ প্রায় প্রতিষ্ঠিত। আপনাকে ঝুঁকি নিতেই হবে এবং এমন প্রতিভাকে চিহ্নিত করতে হবে যে আগামী ৫-৭ বছর দেশের জন্য ভালো ক্রিকেট খেলবে।'